বাকেরগঞ্জে সড়কের বেহাল দশা দুর্ভোগে যান চলাচল

বাকেরগঞ্জ উপজেলা সদরের কালীগঞ্জ বাজার ভায়া-বরগুনা-বেতাগী সড়কের বেহাল দশায় যান চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘ একবছর যাবত্ কালীগঞ্জ বাজারের রাস্তার দুই পাশ বরিশাল সড়ক ও জনপদ বিভাগ খুঁড়ে রাখায় রাস্তায় মারাত্মক ঝুঁকি নিয়ে যাত্রীবাহী বাস চলাচল করছে। রাস্তার  মাঝখানে খানা-খন্দক থাকায় যাত্রীবাহী বাস অনেক সময় আটকে যায়।

 

গত কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টির কারণে রাস্তাটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়ক ও জনপদ বিভাগ কিছুদিন আগে রাস্তাটির  আংশিক মেরামত করলেও পিচ এবং খোয়া সরে গিয়ে রাস্তাটি খাদে পরিণত হয়েছে।

 

স্থানীয় সাংবাদিকরা রাস্তা মেরামতের বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপদের প্রকৌশলী জানান, বৃষ্টির কারণে ঠিকাদারের রাস্তার কাজ করতে বিলম্ব হচ্ছে। বৃষ্টি কমে গেলে যত দ্রুত সম্ভব রাস্তা মেরামতের জন্য ঠিকাদারকে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া বাকেরগঞ্জ-ভায়া-কানকী-কাঠালতলী-বরগুনা-বেতাগী সড়কগুলো বেশ কিছুদিন আগে নির্মাণ করা হলেও বর্তমানে তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

ইত্তেফাক/নূহু