কুমিল্লা মুরাদনগর উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে প্রাইভেটকার বোঝাই ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। এ সময় একটি প্রাইভেটকারসহ ২ জনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- জেলার কোতয়ালী থানার রত্নবতী এ/পি-কাপ্তান বাজার এলাকার মাইন উদ্দিনের ছেলে ঈমন (২৮) ও একই থানার বিষ্ণুপুর গ্রামের আবুল কাসেমের ছেলে সোহেল (২৬)।
সোমবার গভীর রাতে মুরাদনগর-ইলেয়টগঞ্জ সড়কের ছালিয়াকান্দি নামক স্থানের রবি টাওয়ারের সামনে থেকে আটক করা হয়।
জানা যায়, মুরাদনগর-ইলেয়টগঞ্জ সড়ক দিয়ে অবৈধ মালের একটি চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এসআই আবুল কাসেমের নেতৃত্বে একদল পুলিশ ছালিয়াকান্দি গ্রামের রবি টাওয়ারের সামনে চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান চালায়। এ সময় একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো : গ-২৬-৯৮৯২) আটক করে তল্লাশি চালিয়ে গাড়ি বোঝাই বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি কাপড় জব্দ করে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, পুলিশ একটি প্রাইভেটকার থেকে ভারতীয় ২৩৫ পিছ শাড়ি কাপড় জব্দ করেছে। এসময় গাড়িটিসহ ২জনকে আটক করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের মঙ্গলবার দুপুরে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এমআই