রাজশাহী মহানগর জামায়াতের সাবেক আমির আতাউর রহমানের বিরুদ্ধে যৌতুকের মামলা করেছেন তার দ্বিতীয় স্ত্রী রাশেদা বেগম। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন তিনি।
বাদীপক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম বাবু মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাদীর আর্জি আমলে নিয়ে আদালতের বিচারক মাহাবুবুর রহমান প্রাথমিক শুনানি শেষে আসামিকে আগামী ৪ সেপ্টেম্বর হাজির হওয়ার জন্য আদেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী বাবু আরও বলেন, 'মামলার আর্জিতে আতাউর রহমানের বিরুদ্ধে পাঁচ লাখ টাকার যৌতুকের দাবির অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়, ২০১৬ সালের ১১ এপ্রিল আতাউর রহমানের সঙ্গে দুই লাখ টাকা দেনমোহর ধার্য করে গোপনে তাদের বিয়ে হয়। কিন্তু রাশেদাকে স্ত্রী হিসেবে মানতে অস্বীকার করেন আতাউর। পরে কাবিননামা নিয়ে বিভিন্ন স্থানে দেনদরবার করেন তিনি। কিন্তু উল্টো তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়। এক পর্যায়ে স্ত্রীর স্বীকৃতির শর্ত হিসেবে তার কাছে পাঁচ লাখ টাকার যৌতুক দাবি করেন আতাউর। রাশেদা সেই যৌতুকের টাকা দিতে না পারায় তাকে স্ত্রী হিসেবেও স্বীকৃতি দেয়নি।'
উল্লেখ্য, আতাউর রহমানের মেয়ের জামাই ইমাজ উদ্দিন মণ্ডল রাজশাহী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের আয়া এই রাশিদা বেগমকে গোপনে বিয়ে ও স্ত্রীর হিসেবে স্বীকৃতি না দেয়ার জেরে আতাউর রহমানকে জামায়াতের আমিরের পদ থেকে ইতোপূর্বে বহিষ্কার করা হয় বলে জানা গেছে। এ ব্যাপারে মতামতের জন্য আতাউর রহমানের সঙ্গে অসংখ্যবার যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।
ইত্তেফাক/জামান