গাজীপুরে বয়লার বিস্ফোরণে নিহত দশজনের মধ্যে তিনজনের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বলে জানা গেছে।
মিরসরাইয়ের নিহতরা হচ্ছেন, ৬নং ইছাখালী ইউনিয়নের মো. আসাদ চৌধুরী (৩৫), ৭নং কাটাছড়া ইউনিয়নের মো. মনসুরুল হক (৫০) ও একই ইউনিয়নের মো. আবদুস সালাম (৫৫)। নিহতদের লাশ স্বজনরা চিহ্নিত করে গ্রামের বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
নিহত আসাদ চৌধুরীর ভাতিজা আলি আহসান চৌধুরী পাশা জানান, আমার চাচা গাজীপুরের ওই কারখানায় প্রায় ১০ বছর ধরে বয়লার অপারেটরের কাজ করতো। উক্ত দুর্ঘটনার ২০ মিনিট পরেই এই খবর শুনে মিরসরাই থেকে আমাদের পরিবারের লোকজন ও আমার চাচী ঢাকায় গেছে। সেখানে আমার চাচা আসাদ চৌধুরীর পরনের শার্টের কলার দেখে আমার চাচি তার লাশ শনাক্ত করেন। বিস্ফোরণে তার লাশ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গিয়েছিলো। এখন লাশ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় ৭ নং কাটাছড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন জানান, গাজীপুরে বয়লার বিস্ফোরণে আমার ইউনিয়নের মনসুরুলহক ও আবদুস সালাম নামের দুই ব্যক্তি নিহত হওয়ার ঘটনা আমি জেনেছি। নিহতদের পরিবারের সাথে আমার যোগাযোগ হয়েছে। বর্তমানে তাদের পরিবারের লোকজন গাজীপুর গিয়ে নিহতদের লাশ শনাক্ত করেছে এবং লাশ বাড়িতে আনার ব্যবস্থা করা হচ্ছে।
উল্লেখ্য, গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় গতকাল সোমবার সন্ধ্যায় মাল্টি ফ্যাবস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১০ জনের মৃত্যু ও অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইত্তেফাক/জামান