দক্ষিণ আফ্রিকার প্রধান কোচের পদে পুনরায় থাকার আগ্রহ প্রকাশ করেছেন রাসেল ডোমিঙ্গো। ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের পরেই আগস্টে ডোমিঙ্গোর সাথে সিএসএ’র চুক্তি শেষ হয়ে যাবে। কিন্তু সোমবার প্রথমবারের মত ডোমিঙ্গো আশা প্রকাশ করে বলেছেন, ২০১৯ সালের বিশ্বকাপে তিনি প্রোটিয়া দলের কোচের দায়িত্বে থাকতে চান।
এ সম্পর্কে ডোমিঙ্গো বলেছেন, ‘আমি এই সংক্রান্ত একটি আবেদন পত্র ইতোমধ্যেই বোর্ডের কাছে পাঠিয়ে দিয়েছি। গত চার বছর ধরে প্রোটিয়াদের সাথে আমার যে সম্পর্ক হয়েছে অবশ্যই আমি আবারো সেই স্থানে নিজেকে ধরে রাখতে চাই। এই দলের সাথে কাজ করতে পারাটা সত্যিই দারুণ সৌভাগ্যের। আমি আমার দলের সাথে কাজ করা বেশ উপভোগ করেছি। আশা করছি আবারো নিজেকে ধরে রাখতে পারবো। তা যদি না হয় তবে অবশ্যই সেটা দলের বৃহত্তর স্বার্থেই দেখা হবে। এটাই আমার সিদ্ধান্ত, এখন সবকিছু বোর্ডের ওপর নির্ভর করছে।’
গত ১১ জুন চ্যাম্পিয়নস ট্রফি থেকে দক্ষিণ আফ্রিকা ছিটকে পড়ার পরপরই ডোমিঙ্গোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। তখন অবশ্য ডোমিঙ্গো জানিয়েছিলেন এখনও তিনি এ ব্যাপারে নিশ্চিত নন। ঐ সময় কোচের পদে আবেদনের জন্য আর মাত্র পাঁচদিন সময় বাকি ছিল। ডোমিঙ্গো অবশ্য অনিশ্চয়তার বিষয়ে বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছিলেন যার মধ্যে মূল ছিল পরিবার। দ্বিতীয় কারণ ছিল দলের পারফরমেন্স। সব ধরনের ফর্মেটে দল কি পরিমাণ উন্নতি করছে তার উপর কোচের অনেক কিছুই নির্ভর করে। এখানে খেলোয়াড়দের সহযোগিতা অনেক বেশী গুরুত্বপূর্ণ। এসব বিষয়ই কোচ হিসেবে থাকা বা না থাকার পিছনে নিয়ামক হিসেবে কাজ করে বলে ডোমিঙ্গো মনে করেন।
ডোমিঙ্গোর অধীনে দক্ষিণ আফ্রিকা টেস্ট র্যাংকিঙয়ের শীর্ষ স্থান দখল করেছিল। প্রথম দিকে সেটা ধরে রাখলেরও হঠাৎ করেই বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় দল ছেড়ে চলে গেছে তারা র্যাংকিঙয়ের ৭ নম্বরে নেমে যায়। এরপরপই ডোমিঙ্গোকে বরখাস্তের জন্য প্রচণ্ড চাপ আসলে সিএসএ তার উপরেই আস্থা রাখে। ২০১৩ সালের মাঝামাঝিতে জাতীয় দলে যোগ দেবার পরে তার সাথে দুইবার চুক্তি নবায়ন করা হয়। তার অধীনে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা র্যাংকিঙয়ের দুই নম্বর দল হিসেবে প্রতিষ্ঠিত হয়।
ছোট ফর্মেটের ক্রিকেটে একমাত্র কোচ হিসেবে ডোমিঙ্গোর অধীনে বিশ্বকাপের নক আউট ম্যাচে জয়ী হয় দক্ষিণ আফ্রিকা। ২০১৫ সালের আইসিসি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেললেও বড় কোন আসরে শিরোপা অধরাই রয়ে গেছে প্রোটিয়াদের। আর এই একটি জায়গায় পরিবর্তন চান ডোমিঙ্গো। এ সম্পর্কে তিনি বলেন আইসিসি ইভেন্টের শিরোপা জয়ই এখন আমাদের মূল লক্ষ্য। এছাড়া টেস্ট দল পুনরায় নতুন ভাবে গড়ে তোলার প্রক্রিয়াও ইতোমধ্যেই শুরু হয়েছে। আমাদের যেখানে থাকা উচিত এখনো আমরা সেখানে নেই। আমরা র্যাংকিং অবস্থান ফিরে পেলেও এখনো অনেক কাজ করার বাকি আছে। বাসস।
ইত্তেফাক/রেজা