উজিরপুরে ট্রলারের ধাক্কায় ব্রিজ ভেঙেছে, দুইজন নিখোঁজ

উজিরপুর উপজেলার ধামুরা বন্দরের মধ্যকার ব্রিজের পিলারের সঙ্গে মঙ্গলবার সন্ধ্যা সাতটায় ইট বোঝাই ট্রলারের ধাক্কা লেগেছে। এতে ব্রিজ ভেঙে যায় এবং ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় দুইজন নিখোঁজ হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বন্দরের মধ্যকার বাসষ্ট্যান্ড ও মাছ বাজার সংলগ্ন সড়কের সংযোগ স্থলের ব্রিজের পিলারের সঙ্গে সন্ধ্যা সাতটায় মাদারীপুর থেকে ইট বোঝাই করে নিয়ে আসা একটি ট্রলারের ধাক্কা লাগে। এতে ব্রিজের মাঝামাঝি স্থান ভেঙে যায়। ব্রিজটি ট্রলারের ওপর ভেঙে পড়লে মুহূর্তের মধ্যে ট্রলারটি নিমজ্জিত হয়।

এ সময় ট্রলারে থাকা ড্রাইভারসহ চারজন আরোহীর মধ্যে দুইজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকী দুইজন নিখোঁজ রয়েছে। খবর পেয়ে রাত আটটার দিকে উজিরপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ১০টায় ঘটনাস্থল পরিদর্শনে গেছেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। ঐ সময় পর্যন্ত নিখোঁজ আরোহীদের সন্ধ্যান মেলেনি।

ইত্তেফাক/নূহু