ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে চোরাই মোটরসাইকেল বিক্রি, গ্রেফতার ৫

চট্টগ্রামে ৮টি চোরাই মোটরসাইকেলসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত দু’দিনে নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশের বিভিন্ন টিম।
 
গ্রেফতার ব্যক্তিরা হলো, আরিফ ওরফে গিরাবাজ আরিফ, শাহেদ, ইসমাইল, আমানত উল্লাহ রাব্বী ও ইউসুফ। এ ঘটনায় বায়েজিদ থানায় মামলা হয়েছে।
 
সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোটরসাইকেল চোর সিন্ডিকেটের মূল হোতা গিরাবাজ আরিফ। সে নিজে মোটরসাইকেল চুরি করে এবং চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে বিক্রয় করে থাকে। তার সহযোগী রাব্বি, শাহেদ, ইসমাইল ও ইউসুফ চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে অনলাইনে ফেসবুক পেজে বিজ্ঞাপন দেয়। এরপর অন্যান্য এজেন্টদের সহায়তায় ফটিকছড়ি, হাটহাজারী, রাঙ্গুনিয়া, কক্সবাজারসহ বৃহত্তর চট্টগ্রাম এলাকায় বিক্রয় করে।
 
ইত্তেফাক/ইউবি