বাবুগঞ্জে নিখোঁজের ৯ বছর পর বাড়ি ফিরল এক ব্যক্তি

 
বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ঘটকেরচর গ্রামের মৃত্যু আজাহার হাওলাদরের পুত্র মোঃ কালাম(৩৫) নিখোঁজ হওয়ার প্রায় ৯ বছর পর মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফিরেছে। এ ঘটনায় পরিবারের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তবে সে কারও সঙ্গে তেমন কথা বলছে না।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, কালাম ঢাকার বায়তুল মোকারম ওভার ব্রিজের ফুটপাতে চা বিক্রি করতো। রাতে ভাগিনা আনোয়ার হোসেন সোহেলের বাসায় থাকতো। গত ২০০৮ সালের ৫ জানুয়ারি রাতে দোকান বন্ধ করে বাসায় আর ফেরেনি। এমনকি তার সাথে থাকা মোবাইলের সংযোগ বন্ধ ছিলো। এ ঘটনার পর কালামের পরিবারের মধ্যে সন্দেহ ছিলো ভাগিনা তাকে হত্যা করেছে।
 
পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার  কোন সন্ধান পায়নি। স্ত্রী শিলা বেগম স্বামীর কোন সন্ধান না পেয়ে  তার ২ বছরের পুত্র সন্তান মাহিনকে নিয়ে পিত্রালয়ে চলে যায়। ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে সে অন্য কাউকে বিয়ে না করে চট্টগ্রাম একটি গার্মেন্টসে চাকুরী নেয়।
 
গত মঙ্গলবার কালাম বাড়ি ফিরে আসছে এমন সংবাদ ছড়িয়ে পড়লে এলাকার শতশত লোক তাকে একনজর দেখতে ছুটে আসে ওই বাড়িতে। কালাম বাড়িতে আসায় অনেকে তাকে জিজ্ঞাসা করেছে এতদিন কোথায় ছিলো  এমন প্রশ্নে সকলের দিকে নির্বাক হয়ে তাকিয়ে থাকতে দেখা গেছে । তবে সে শুধু এই টুকু বলছে আমার  বাড়ির কথা কখনো মনে পড়েনি। মঙ্গলবার হঠাৎ আমার বৃদ্ধ মা আলেয়া বেগমের কথা মনে পড়ায় বাড়িতে এসেছি।
 
ইত্তেফাক/এমআর