কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে পুলিশ ও বিজিবি'র পৃথক অভিযানে নারীসহ দুইজনকে আটক করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে ফুলবাড়ী থানার এসআই ইসমাইল হোসেন উপজেলার সীমান্তবর্তী টেপরির বাজার এলাকা থেকে এক কেজি গাঁজাসহ ছপুরা বেগমকে (৪৫) আটক করেন। আটক ছপুরা উপজেলার কুরুষাফেরুষা গ্রামের গোলজার হোসেনের স্ত্রী।
অন্যদিকে দুপুরে শিমুলবাড়ী বিজিবি ক্যাম্পের সদস্যরা জায়গীরটারী সীমান্তের ৯৩৭ নম্বর মেইন পিলারের এক নম্বর সাব পিলারের পাশ দিয়ে ভারতে প্রবেশের সময় তৈয়ব আলী (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে ফুলবাড়ী থানা পুলিশে সোপর্দ করেন। আটক তৈয়ব আলী উপজেলার কুরুষাফেরুষা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী জানান, আটকদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/জামান