সেই তিন নারী জঙ্গিকে আদালতে সোপর্দ করা হবে

 
চারদিন রিমান্ডে থাকা কুষ্টিয়ার ভেড়ামারায় আটক নব্য জেএমবির আমীর আইয়ুব আলী ওরফে আইয়্যুব বাচ্চু'র স্ত্রী তিথি, সেকেন্ড ইন কমান্ড আব্দুর রশিদ'র স্ত্রী সুমাইয়া, জেএমবি'র সমন্বয়ক ও আরমান হোসেনের দ্বিতীয় স্ত্রী টলি খাতুনকে কুষ্টিয়া আদালতে শুক্রবার সোপর্দ করা হবে। এদিকে বৃহস্পতিবার ভোররাতে জেএমবি'র সমন্বয়ক ও আরমান হোসেনের প্রথম স্ত্রী আরিফা বেগমকে (৪০) আটক করেছে পুলিশ।
 
অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, ১ জুলাই শনিবার মধ্যরাতে ভেড়ামারা পৌর এলাকার বামনপাড়া তালতলা এলাকার একটি জঙ্গি আস্তানা থেকে সিটিটিসি ও ভেড়ামারা মডেল থানা পুলিশ রক্তপাতহীন সফল এক অভিযান পরিচালনা করে তিন নারী তিথি, সুমাইয়া ও টলি আরাকে সুইসাইডাল ভেষ্ট, গুলি ভর্তি ম্যাগাজিন, পয়েন্ট ৭২ ক্যালিবারের অত্যাধুনিক রিভলভার এবং বিপুল পরিমাণ উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরকসহ গ্রেফতার করে। পরে আটককৃতদের ভেড়ামারা মডেল থানায় সন্ত্রাস দমন আইনে দায়েরকৃত মামলায় আদালত থেকে চারদিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
 
তদন্ত সংশ্লিষ্ট দায়িত্বশীল একাধিক সূত্র এবং মামলার তদন্ত অফিসার ওসি (তদন্ত) আননূর যায়েদ জানিয়েছেন, রিমান্ডে থাকা আত্মঘাতী তিন নারী জঙ্গি ইন্টারোগেশন টিমের কৌশলের কাছে হার মেনে নিজেদের মুখ খুলতে বাধ্য হয়েছে। নারী জঙ্গিরা জেরার মুখে নিজেদের সাংগঠনিক তৎপরতাসহ নানা চাঞ্চল্যকর নানা তথ্য ইতোমধ্যেই পুলিশকে দিয়েছে। ঢাকার পুলিশ সদর দফতর থেকে আসা টিমও রিমান্ডে থাকা ওই তিন নারীকে জিজ্ঞাসাবাদ করেছন। বৃহস্পতিবার দিনব্যাপী জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার আসামীদের আদালতে সোপর্দ করবে ভেড়ামারা মডেল থানা পুলিশ।
 
ইত্তেফাক/জামান