তারাগঞ্জে নিখোঁজের ২৯ ঘণ্টা পর লাশ উদ্ধার

 
রংপুরের তারাগঞ্জ উপজেলার চিকলী নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার ২৯ ঘণ্টা পর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসানুর রহমান (১৬) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুর দেড়টায় নিখোঁজের ঘটনা ঘটলে রংপুর ও সৈয়দপুর ফায়ার সার্ভিস ইউনিটের উদ্ধার কর্মী ও স্থানীয়রা সন্ধান অব্যাহত রেখেছিল।
 
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস ইউনিট সূত্রে জানা গেছে, ঘটনার দিন সৈয়দপুর অবসান প্রকল্পের বাসিন্দা মজিবর রহমানের ছেলে হাসানুর রহমান তার বন্ধু সবুজ মিয়া ও বারিকুল ইসলাম মিলে  চিকলী নদীতে গোসল করতে যায়। এসময় তারা ব্রিজের রেলিংয়ের ওপর থেকে লাফ দিয়ে নদীর পানিতে নামে। এক পর্যায়ে তিন বন্ধুই এক সাথে ওই রেলিং থেকে লাফ দিয়ে নদীতে ডুব দিলে সবুজ মিয়া ও বারিকুল পানির ওপরে উঠলেও হাসানুর ওঠেনি।
 
এ পর লোকজন নদীতে খুঁজতে শুরু করে। অনেক খোঁজার পরেও কলেজ ছাত্রকে না পাওয়া গেলে রংপুর ও সৈয়দপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এসে উদ্ধারের চেষ্টা চালায়। সৈয়দপুর ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মাহামুদুল হাসান জানান, দীর্ঘ ২৯ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান