কক্সবাজারের চকরিয়ায় মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনার জের ধরে প্রকাশ্যে ছুরিকাঘাতে মোহাম্মদ আনাছ (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে চকরিয়া উপজেলা পরিষদের অদূরে মগবাজার কমিউনিটি সেন্টার স্টেশনে এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
এদিকে ঘটনার পরপর নিহত আনাছের ভগ্নীপতি মোহাম্মদ রিপন ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ছিনতাইকারী সোহেল প্রকাশ সেহেলকে পাকড়াও করে কুপিয়ে জখম করেছে। খবর পেয়ে চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটিদল স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাস্থল থেকে সোহেল ও নিহতের ভগ্নীপতি রিপনকে গ্রেফতার করে।
নিহত মোহাম্মদ আনাছ ওই এলাকার জাহাংগীর আলমের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রীর কাজ করতেন। অপরদিকে গ্রেফতারকৃত সোহেল প্রকাশ সেহেল চকরিয়া পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা গ্রামের নুরুল কবিরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েকদিন আগে আনাছের কাছ থেকে একটি মোবাইল সেট কেড়ে নেয় আটককৃত সোহেল। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে মগবাজার কমিউনিটি সেন্টার স্টেশনে সেহেলকে দেখতে পেয়ে মোবাইল ফোনটি ফেরত চায় আনাছ। ওইসময় হঠাৎ করে সোহেল ছুরিকাঘাত করেন আনাছকে। এ অবস্থায় স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আনাছকে উদ্ধার করে চকরিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
চকরিয়া থানার ওসি মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, 'ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে। অপরদিকে গ্রেফতারকৃত সোহেল পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।' তিনি বলেন, 'সোহেলকে কুপিয়ে জখমের ঘটনায় জড়িত নিহতের ভগ্নীপতি রিপনকে থানা হেফাজতে রাখা হয়েছে।'
ইত্তেফাক/জামান