আগামী ২০ জুলাই থেকে খুলনা মহানগরীতে ১০ ডিজিটের এনআইডি নম্বরের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হবে। প্রথমে খুলনা সদর থানা এলাকায় এ কার্ড বিতরণ করা হবে। পর্যায়ক্রমে নগরীর প্রতিটি ওয়ার্ডের সুবিধাজনক স্থানে একটি করে কেন্দ্র স্থাপন করে এ কার্ড বিতরণ করা হবে। কেন্দ্রে ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নেয়া হবে। এই পরিচয়পত্রের মাধ্যমে নাগরিকগণ সহজে ২০টিরও বেশি নাগরিক সেবা ও সুবিধা ভোগ করতে পারবেন।
বৃহস্পতিবার খুলনা মহানগরী এলাকায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের লক্ষ্যে জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে কেসিসি’র কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরবৃন্দের মতবিনিময় সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুজিবর রহমান এ তথ্য জানান। এতে সভাপতিত্ব করেন সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান। কেসিসি’র শহীদ আলতাফ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাটি বৃহস্পতিবার বেলা ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান স্মার্ট জাতীয় পরিচয়পত্রটি নাগরিকবৃন্দের সম্পদ হিসেবে উল্লেখ করে বলেন, 'জাতীয় জীবনে এর গুরুত্ব অনেক। এর গুরুত্ব অনুধাবন করে নাগরিকদের স্মার্ট জাতীয় পরিচয়পত্রটি সযত্নে সংরক্ষণ করতে হবে।' তিনি রাষ্ট্রীয় জনগুরুত্বপূর্ণ এ কাজটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে কেসিসি'র পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
সভায় কেসিসি'র প্যানেল মেয়র শেখ হাফিজুর রহমান হাফিজ, রুমা খাতুন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলী, কেসিসি’র কাউন্সিলরগণ, প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, সচিব মো. ইকবাল হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. আরিফ নাজমুল হাসান, নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন শেখ, নগরীর সদর থানা নির্বাচন কর্মকর্তা এ টি এম শামীম মাহমুদ, সোনাডাঙ্গা থানা নির্বাচন কর্মকর্তা মো. অফিউর রহমান, দৌলতপুর থানা নির্বাচন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জামান