সাঘাটায় জেলা জামায়াতের আমিরসহ আটক ১৫

 
গাইবান্ধার সাঘাটা উপজেলায় গোপন বৈঠকের সময় জেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ ওয়ারেছ আলম দুদু ও সাঘাটা উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ এনামুল হকসহ জামায়াতের ১৫ রোকনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান সাহারভিটা জামে মসজিদ থেকে তাদের আটক করা হয়। তাৎক্ষণিক আটক জামায়াত রোকনদের নাম ও পরিচয় জানা যায়নি।
 
বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, ভোর থেকে জামায়াত নেতারা ওই মসজিদে বসে বৈঠক করছিলো। এই গোপন বৈঠকে জেলা ও সাঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়ন জামায়াত আমীর , সেক্রেটারি ও রোকনরা মিলিত হয়। খবর পেয়ে পুলিশ মসজিদের চারপাশ ঘিরে ফেলে। পরে সেখান থেকে জেলা জামায়াতের নায়েবে আমীর ও থানা জামায়াতের সেক্রেটারিসহ জামায়াতের ১৫ রোকনকে আটক করা হয়।
 
তিনি আরও জানান, নাশকতা কর্মকাণ্ড ঘটানোর লক্ষে জামায়াত নেতারা গোপনে এ বৈঠক করছিলো বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। জামায়াতের আরও নেতাকর্মীদের আটক করতে পুলিশ উপজেলায় অভিযান অব্যাহত রেখেছে।
 
প্রসঙ্গত, গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে জঙ্গি আস্তানার খোঁজে বুধবার ও বৃহস্পতিবার পর পর দুই দিন আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানের পর শুক্রবার জামায়াতের এই গোপন বৈঠক নিয়ে জেলার মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক নেতাদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
 
ইত্তেফাক/এমআর