ফাঁড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২

ময়মনসিংহ শহর টাউনহল ২ নম্বর পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় এজাহারভুক্ত আসামি সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে হামলার ঘটনায় গ্রেফতার হলো ২ জন।
 
বৃহস্পতিবার রাতেই পুলিশ বাদী হয়ে নয়জনের নামসহ অজ্ঞাত ২০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। গ্রেফতারের সত্যতা স্বীকার করেছেন ২ নম্বর কোতোয়ালী মডেল থানার ওসি তদন্ত মনসুর আহমেদ।
 
তিনি জানান, মামলা দায়েরের পর রাতে অভিযান চালিয়ে কলেজ রোড থেকে সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের পুলিশি হেফাজতে জিঞ্জাসাবাদ শেষে আদালতে পাঠানোর কথা জানান তিনি।
 
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার সময় চাঁদাবাজির অভিযোগে কাঁচিঝুলি কলেজ রোড এলাকা থেকে খুনসহ একাধিক মামলার আসামি অপুকে গ্রেফতার করে পুলিশ ফাঁড়িতে আনা হয়। এর ১ ঘন্টা পর রাত সাড়ে ১১টার দিকে শহর যুবলীগ সদস্য মনিরুজ্জামান রনির নেতৃত্বে ১৫/২০ জনের একটি দল ফাঁড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে আসামি অপুকে ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ বাঁধা দিলে তাদের ওপর চড়াও হয়ে মারধর করে। এ ঘটনায় এএসআই শিবলি, কনস্টেবল রাজন ও আফসার উদ্দিন আহত হলে তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা দেয়া হয়েছে।
 

ইত্তেফাক/এএম।