রাজশাহীর দুর্গাপুরে রাতভর অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে আটক তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরীর নেতৃত্বে পুলিশ উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামে অভিযান চালায়। এসময় পুলিশ তিনজনকে নিজ নিজ বাড়ি থেকে আটক করে। পরে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, আটকরা নব্য জেএমবির সদস্য। তাদের কাছ থেকে জিহাদি বই ও ধারালো অস্ত্র পাওয়া গেছে। এরা হলেন, জকৃষ্ণপুর গ্রামের ইসা থান্দারের ছেলে ও চেতনার মোড় মসজিদের মোয়াজ্জিন আসলাম উদ্দিন (৪০), একই গ্রামের জোয়াদ আলীর ছেলে মুদি ব্যবসায়ী বাবু হোসেন (৩০) ও খোদাবক্সের ছেলে ভ্যান চালক মোহাম্মাদ আলী (৩০)। কিন্তু আটকদের পরিবারের দাবি, 'তারা কেউই জেএমবির সদস্য নয়।'
জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী বলেন, 'গ্রেফতারকৃতরা নব্য জেএমবির সদস্য। সম্প্রতি তারা জেএমবিতে যোগ দিয়েছে। পুলিশের নতুন জঙ্গিদের তালিকায় তাদের নাম রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের জঙ্গি দমন টিম বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তবে আটকদের পরিবারের দাবি করা হয়েছে, এদের কেউ জেএমবি সদস্য নয়। তবে তারা নিয়মিত নামাজ আদায় করতেন।'
ইত্তেফাক/জামান