জলঢাকায় বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যানসহ ২১জন গ্রেফতার

নীলফামারীর জলঢাকায় পুলিশের বিশেষ অভিযানে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত ইউপি চেয়ারম্যানসহ ২১ জনকে গ্রেফতার করেছে জলঢাকা থানা পুলিশ। গ্রেফতার হওয়া ২১জনের মধ্যে চারজন জামায়াত কর্মী বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ৪ জামায়াতকর্মী হলেন, গোলমুণ্ডা ইউনিয়ন জামায়াতের আমির ও বর্তমান ঐ ইউনিয়নের চেয়ারম্যান তোজাম্মেল হোসেন (৫৬), আব্দুর রাজ্জাক ( ৫১), আহম্মেদ হোসেন (৪৭) উভয়ের ঠিকানা পশ্চিম গোলমুণ্ডা ও খুটামারা কিশামত বটতলী এলাকার জামায়াত কর্মী সৈয়দ আলী (৫৩)।

এ ব্যাপারে জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান গ্রেফতারের কথা শিকার করে জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২১ জনকে গ্রেফতার করেছে। ৪ জামায়াত কর্মীকে বিস্ফোরক আইনে এবং অন্য ১৭ জন বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এবং বিভিন্ন মামলার আসামি।

এছাড়া পুলিশি এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।