জমি নিয়ে বিরোধ ও চাঁদা না দেওয়ায় এক পরিবারের নারীসহ ৬ জনকে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনার পর এলাকার লোকজন আহতদের উদ্ধার করে নারীসহ চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
আজ শনিবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পৌরসভার পুষ্টকামুরী গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন- সাহিদা বেগম (৫৫), তার স্বামী দেলোয়ার মিয়া (৬৫), লাল মিয়া (৪৬), সাজজাত হোসেন সবুজ (২৬), নাদিমসহ ৬ জন।
হাসপাতালে চিকিৎসাধীন সাহিদা বেগম, দেলোয়ার ও সবুজ অভিযোগ করেন, জমিজমা নিয়ে একই গ্রামের বাচ্চু, দুলাল, সাবিবর, পারভেজ ও আলীনুর গংদের মধ্যে বিরোধ চলে আসছিল।ইতিপর্বে বিরোধ মিমাংসার জন্য বহুবার চেষ্টা করা হয়েছে। কিন্ত বাচ্চু ও দুলাল গংরা মিমাংসা না করে জোর করে দখলের চেষ্টা করে আসছে। আজ শনিবার সকালে এই বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ ও তাদের সন্ত্রাসী বাহিনী ধারালো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে তাদের উপর আক্রমণ করে। এতে অন্তত ৬ জন গুরুতর জখম হয়।
এদিকে প্রতিপক্ষ বাচ্চু ও দুলাল গংরা অভিযোগ করেছেন, দেলোয়ার ও সবুজ গংরাও তাদের উপর হামলা চালিয়ে কয়েকজনকে গুরুতর আহত করেছেন। তাদরে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার ডিউটি অফিসার মো. ফেরদৌস বলেন, ঘটনার পর দুই পক্ষ অভিযোগ দেওয়ার জন্য থানায় এসেছিলেন। তাদের চিকিৎসার জন্য প্রথমে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এসআই নুর মোহাম্মদ ঘটনাস্থল পরিদর্শন ও অভিযোগ তদন্ত করছেন।
ইত্তেফাক/এমআই