লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সুরেরবাগ গ্রামে শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তাছলিমা বেগম ওরফে খালা ও মোস্তাক আহমেদ ওরফে জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত জাহাঙ্গীর সুরেবাগ এলাকার আনোয়ার উল্যার ছেলে এবং তাছলিমা বেগম পূর্ব চন্ডিপুর গ্রামের শামিম পাটোয়ারীর স্ত্রী।
সূত্রে জানায়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে তাছলিমা বেগম ও জাহাঙ্গীর খুচরা ব্যবসায়ীদের কাছে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে এমন খবর পেয়ে থানার ওসি মো. তোতা মিয়ার নেতৃত্বে বিপুল পরিমাণ পুলিশ উপস্থিত হয়ে ঘটনাস্থল ঘেরাও করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ জাহাঙ্গীর ও তাছলিমাকে আটক করে। আটকের পর তাছলিমার দেহ তল্লাশি করে ৭শত পিস এবং জাহাঙ্গীরের দেহ তল্লাশি করে ৩শত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. তোতা মিয়া জানান, থানার এস আই মোসলেউদ্দিন বাদী হয়ে আটককৃত ২ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। তারা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছে।
ইত্তেফাক/এমআই