রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এলিনা বেগম (২৩) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার ভোরে উপজেলার মুরারিপুর এলাকার স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গৃহবধূর স্বামী মাসুম আলীকে আটক করেছে পুলিশ। ওই গৃহবধূর স্বামীর নাম মাসুম আলী (২৮)। তিনি গোদাগাড়ীর গোগ্রাম ইউনিয়নের মুরারিপুর গ্রামের মোস্তফার ছেলে। নিহত এলিনা বেগম উপজেলার কৈশবপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের মেয়ে।
জানা গেছে, প্রায় তিন বছর আগে মাসুমের সঙ্গে বিয়ে হয়েছিল এলিনার। স্থানীয়রা জানান, বিয়ের কিছুদিন পর থেকেই এলিনাকে মেনে নিতে পারছিলেন না মাসুম। এ কারণে মাঝে মধ্যেই তিনি এলিনার ওপর অত্যাচার নির্যাতন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাতে হত্যা করেন মাসুম। পরে স্ত্রীর হত্যার বিষয়টি ধামাচাপা দিতে সেটিকে স্বাভাবিক মৃত্যু বলে প্রচার করতে থাকেন মাসুম। নিহত এলিনার দুই কান দিয়ে রক্ত বের হচ্ছিল বলেও প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন।
নিহত এলিনার মা ছবি আরা বেওয়া অভিযোগ করে জানান, তার মেয়েকে হত্যা করা হয়েছে। তিন বছর আগে এলিনার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকেই মাসুম তার মেয়েকে নির্যাতন করে আসছিলেন বলেও দাবি করেন ছবি আরা।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন মাসুম। তবে কারণ জানাননি। থানায় নিয়ে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়া ময়নাতদন্তের জন্য মরদেহ নেয়া হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) মর্গে।
ইত্তেফাক/এমআই