নরসিংদী জেলা শহরে দীপ্তি রানী ভৌমিক (৫০) নামে এক গৃহকর্ত্রীকে হত্যা করে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা।
শনিবার দুপুরে শহরের মধ্যকান্দাপাড়া মহল্লার গোপীনাথ জিউর আখড়া সংলগ্ন হরিপদ সাহার বহুতল ভবনের পঞ্চম তলার ভাড়াটিয়া প্রদীপ ভৌমিকের বাসায় এ ঘটনা ঘটে।
নরসিংদী সদর মডেল থানার ওসি গোলাম মোস্তফা আশপাশের লোকের বরাত দিয়ে জানান, শহরের হরিপদ সাহার বহুতল ভবনের পঞ্চম তলায় প্রদীপ ভৌমিক নামে এক ব্যক্তি স্ব-পরিবারে ভাড়া থেকে শেখেরচর বাজারে কাপড়ে ব্যবসা করেন। প্রদীপ ভৌমিক একমাত্র মেয়েকে কিছুদিন পূর্বে বিয়ে দেন। বর্তমান ওই বাসায় প্রদীপ ভৌমিক, তার স্ত্রী দীপ্তি ভৌমিক ও তার এক ছেলে বসবাস করেন। শনিবার সকালে প্রদীপ ভৌমিক ব্যবসার কাজে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর তার ছেলে স্কুলে চলে যায়। বাসায় দীপ্তি ভৌমিক একা ছিলেন। দুপুর ২টার দিকে ভবনের পঞ্চম তলায় গোঙানির শব্দ শুনে নিচতলার বাসিন্দারা উপরে উঠে বাসার ভিতরে গিয়ে দেখতে পায় আসবাবপত্র, কাপড়চোপড় ইত্যাদি তছনছ অবস্থায় পড়ে রয়েছে। অপর কক্ষে গিয়ে দেখে দীপ্তি ভৌমিকের গলাকাটা রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে রয়েছে। এ সময় লোকজন দেখতে পান ঘরের ভিতরে একটি সুটকেস ও কাঠের আলমিরা ভাঙ্গা। কাপড়-চোপড় ও বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
ইত্তেফাক/ইউবি