ঘাটাইলে বাল্যবিয়ে বন্ধ, বরসহ ১৭ জন আটক

 
টাঙ্গাইলের ঘাটাইলে বাল্যবিয়ে বন্ধ করে দিয়ে কনের বাবা ও বর সহ উভয় পক্ষের ১৭ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। শুক্রবার দিবাগত রাতে উপজেলার দিগড় ইউনিয়নের ধোপাজানি গ্রামে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কাশেম মুহাম্মদ শাহীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানার রায় দেন।
 
ঘাটাইল থানার পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার দিবাগত রাতে উপজেলার দিগড় ইউনিয়নের ধোপাজানি গ্রামের হেলাল উদ্দিন তার কিশোরী মেয়ে হেলেনা খাতুনের (১৪) বিয়ের আয়োজন করে। হেলেনা ব্রাক্ষ্মনশাসন খাদিজা আছিয়া বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। বর একই উপজেলার নরজনা গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে আশরাফুল ইসলাম (২২)। বিয়ের সকল আয়োজন সম্পন্ন করার পর বর ও কনে পক্ষের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হন। খাওয়া-দাওয়া শেষে চলছিল বিয়ে সম্পাদনের অনুষ্ঠান। এ সময় বিয়ে বাড়িতে পুলিশ নিয়ে গিয়ে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীন।
 
তাৎক্ষনিক বিয়ে বাড়ি থেকে কনের বাবা ও বর সহ উভয় পক্ষের ১৭জনকে আটক করে ঘাটাইল থানার পুলিশ। পরে কনের বাবা হেলাল উদ্দিনকে ৪০ হাজার টাকা ও বরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। চারজনকে ১০ হাজার টাকা করে এবং বাকী সকলকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং অনাদায়ে প্রত্যেককে তিনমাসের কারাদণ্ড প্রদান করা হয়।
 
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীন জানান, বাল্যবিয়ে রোধে সচেতনতা সৃষ্টির জন্যই এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। যাতে করে বাল্যবিয়ে প্রতিরোধ এর প্রভাব পড়ে।
 
ইত্তেফাক/জামান