নাঙ্গলকোট উপজেলার মাহিনী-হাসানপুর সড়কের বেহাল অবস্থায় এলাকাবাসীর যাতায়াতে দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। সড়কটিতে কার্পেটিং উঠে ছোট বড় শত শত গর্তের সৃষ্টি হয়েছে।
সড়কটির সংস্কার কাজ শুরু হলেও ধীরগতিতে এলাকাবাসীর দুর্ভোগের শেষ নেই। গত প্রায় দু’বছর যাবত্ এলাকাবাসীকে চরম দুর্ভোগের মধ্য দিয়ে এ সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করতে হচ্ছে। সাড়ে ১৩কি.মি. দীর্ঘ সড়কটির হাসানপুর থেকে বিরুলী পর্যন্ত প্রায় চার কি.মি. মেগাঢামের কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট অংশের সংস্কার কাজ সম্পন্ন না হওয়ায় অসংখ্য বড় বড় গর্তের কারণে সড়কটি এলাকাবাসীর কাছে মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কের শুরুতে মাহিনী বাজার হতে বিরুলী পর্যন্ত শত শত গর্ত দেখা যায়। মাহিনী বাজার বোর্ড অফিস এবং মাহিনী উচ্চ বিদ্যালয় সংলগ্ন বড় গর্তটি রীতিমতো পুকুরে পরিণত হয়েছে। এভাবে মাহিনী পার হয়ে শান্তির বাজার, শ্রীরামপুর, মন্তলী ব্রিজ সংলগ্ন বড় বড় গর্ত, মন্তলী পুকুর পাড়, মন্তলী মধ্যপাড়া মজুমদার বাড়ি সংলগ্ন ও ঝিকটিয়া গ্রামে বড় বড় গর্তের অস্তিত্ব দেখা যায়। প্রত্যেকটি বড় বড় গর্ত একেকটি পুকুরে পরিণত হয়েছে।
উপজেলা প্রকৌশলী জাবেদ হোসেন বলেন, সড়কটির সংস্কার কাজের মেয়াদ জুলাই মাসে শেষ হচ্ছে। মেয়াদ বৃদ্ধির জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান আবেদন করতে পারে। আমরা ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ শেষ করার জন্য চিঠি দিয়েছি। বর্ষার কারণেও কাজে কিছুটা বিঘ্ন ঘটছে।
ইত্তেফাক/নূহু