ঠাকুরগাঁও হাসপাতালে চিকিৎসার অভাবে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

 
অবহেলা ও চিকিৎসার অভাবে অজ্ঞাত এক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠেছে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল কর্তৃপক্ষর বিরুদ্ধে। রবিবার সকালে ওই বৃদ্ধার মৃত্যু হয়।
 
জানা গেছে, শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় রাণীশংকৈল উপজেলায় আহত ওই বৃদ্ধাকে ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি করে দেন জনৈক মনির নামে এক ব্যক্তি। জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসার দেওয়ার পরেই ওই বৃদ্ধাকে হাসপাতালের সিঁড়ির নিচে রাখা হয়। অতিরিক্ত রক্তক্ষরণ ও ঠাণ্ডা জনিত কারণে মৃত্যু হয়েছে বলে আসে পাশের রোগীরা অভিযোগ করেছেন।
 
হাসপাতালে অন্য এক রোগীর স্বজন জানান, আহত অবস্থায় বৃদ্ধাকে একটি টলিতে নিয়ে এসে কয়েকজন ওয়ার্ডবয় রেখে চলে যান। তারপরে ওই বৃদ্ধা ব্যথায় কাতরাচ্ছিল, অবশেষে ঘুময়ে পড়েন। আমরা নার্সকে বার বার অবহিত করার পরেও কেউ রোগীটিকে দেখেতে আসেনি। সকালে শুনি ওই বৃদ্ধাটি মারা গেছেন।
 
ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. আবু মো. খায়রুল কবির অবহেলায় মৃত্যুর কথা অস্বীকার করে বলেন, 'হাসপাতালে জায়গা না থাকার কারণে ওই রোগীকে মেঝেতে রাখা হয়েছিল। কিন্তু রোগীর পর্যাপ্ত সেবা অব্যাহত ছিল। অতিরিক্ত ব্যথা ও রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।'
 
ওই বৃদ্ধাকে চিকিৎসা দেওয়া জরুরি বিভাগের কর্তব্যরত ডা. মেহেদী হাসান জানান, ওই অজ্ঞাত বৃদ্ধা দুর্ঘটনায় আহত হয়ে দুই পায়ে গুরুতর আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল।
 
ইত্তেফাক/জামান