এভারটনের সঙ্গে রবিবার দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ড গোলের অধিকারী ওয়েন রুনি। গত মৌসুম জুড়ে ইউনাইটেডের কোচ হোসে মরিনহোর কাছে উপেক্ষিত ৩১ বছর বয়সী এই ইংলিশ তারকা নিজের ক্যারিয়ার শুরু করা এভারটনের দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
তবে দলবদলের আর্থিক বিনিময়ের পরিমাণ প্রকাশ করা হয়নি। এভারটন থেকে শীর্ষ গোলদাতা লুকাকু রোমেলুকে ইউনাইটেড দলবদ্ধ করার ঘোষণার একদিন পর রুনির এই দল বদলের চুক্তিটি সম্পাদিত হল। প্রেস এসোসিয়েশনের বরাবরে দেয়া এক বিবৃতিতে রুনি বলেন, ‘কয়েকদিন আগে আমি বলেছিলাম ইউনাইটেড ছাড়া এভারটনই প্রিমিয়ার লিগের একমাত্র ক্লাব, যেখানে আমি খেলতে চাই। তাই এই দলবদল সম্পাদিত হওয়ায় আমি খুশি।
ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে ১৩ বছর আগে আমি ইউনাইটেডে যোগ দিয়েছিলাম। ক্লাবের ইতিহাসে সফল সময় কাটাতে পারায় আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আমার এভারটনে ফিরে আসার কারণ হচ্ছে আমি বিশ্বাস করি ক্লাবটির কোচ রোনাল্ড কোম্যান এমন একটি দল গঠন করছেন যে দলটি কিছু একটা অর্জন করতে সক্ষম হবে। সেই সম্ভাবনাকে বাস্তব রূপ দেয়ার জন্য আমি এখন মাঠে নামার অপেক্ষায় আছি। কারণ বাল্যকালে এই ক্লাবটি আমাকে সমর্থন জুগিয়েছে।’
এদিকে জয়ের জন্য মুখিয়ে থাকার মানসিকতা সম্পন্ন খেলোয়াড় হিসেবে রুনিকে দলে ভিড়িয়েছেন উল্লেখ করে কোম্যান বলেন, ‘আমরা যা চাই রুনির মধ্যে তার প্রতিফলন দেখেছি। আমাদের এ রকম জয় করার মানষিকতা সম্পন্ন খেলোয়াড় দরকার। সে জানে কিভাবে শিরোপা জয় করতে হয়। রুনি নিজ গৃহে ফিরে আসার এই সিদ্ধান্ত নেয়ায় আমি সত্যিই আনন্দিত। সে এভারটনকে ভালবাসে এবং এখানে ফেরার জন্য সে মরিয়া হয়ে ওঠেছিল। বর্তমানে তার বয়স মাত্র ৩১ বছর। তার খেলার মান নিয়েও আমার মধ্যে কোন সন্দেহ নেই। তার এখানে আসাটা দারুণ হয়েছে।’
ইত্তেফাক/সাব্বির