২০১১ সালের পর প্রথমবারের মত উইম্বলডন টেনিসে পুরুষ বিভাগে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন শীর্ষ চার বাছাই গ্রেট ব্রিটেনের অ্যান্ডি মারে, সার্বিয়ার নোভাক জকোভিচ, সুইজারল্যান্ডের রজার ফেদেরার ও স্পেনের রাফায়েল নাদাল। সর্বশেষ ২০১১ সালে টুর্নামেন্টের শীর্ষ চার বাছাই শেষ ষোলোতে খেলেছিলেন। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের জন্য আগামীকাল কোর্টে নামবেন এই চার শীর্ষ।
২০০৩ সালের পর উইম্বলডনের শিরোপা ভাগাভাগি করে নিয়েছেন মারে-জকোভিচ-ফেদেরার ও নাদাল। এরমধ্যে সবচেয়ে বেশি সাতবার শিরোপা জয় করেন ফেদেরার। তিনবার জকোভিচ জিতলেও, মারে ও নাদাল দু’বার করে শিরোপার স্বাদ নেন। ২৮তম বাছাই ইতালির ফ্যাবিও ফগনিনিকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় মারে। শেষ ষোলোতে মারের প্রতিপক্ষ অবাছাই ফ্রান্সের বেনোইত পেইরে। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত শেষ ষোলেতে জায়গা করে নিলেন পেইরে।
ইতোপূর্বে একবার পেইরের মুখোমুখি হয়েছিলেন মারে। ঐ দেখায় জয় পেয়েছিলেন মারে। তবে উইম্বলডনের শেষ ষোলোর ম্যাচে পেইরেকে শক্ত প্রতিপক্ষই মানছেন মারে, ‘তার হাতে ভালো শট আছে। প্রতিপক্ষকে চাপে ফেলতে পারদর্শী সে। তার বিপক্ষে জিততে হলে সেরাটাই দিতে হবে আমাকে।’
শেষ ষোলোতে জকোভিচের প্রতিপক্ষ অবাছাই ফ্রান্সের আদ্রিয়ান মানারিনো। ইতোপূর্বে মানারিনোর বিপক্ষে ক্যারিয়ারের একবার মুখোমুখি হয়েছেন জকোভিচ। উইম্বলডনে গত আসরের দ্বিতীয় রাউন্ডে মানারিনোকে হারিয়েছিলেন তিনি। এবারও তাকে হারিয়ে শেষ আট নিশ্চিত করতে চাইছেন জকোভিচ, ‘মানারিনোর খেলা সর্ম্পকে ভালো ধারণা রয়েছে আমার। তাকে হারাতে খুব বেশি সমস্যা হবে না। সেরাটা খেলতে পারলেই জয় সম্ভব।’
শীর্ষ চার বাছাইয়ের মধ্যে টেনিস ক্যারিয়ারে চতুর্থ রাউন্ডে খেলার সবচেয়ে বেশি অভিজ্ঞতা রয়েছে ফেদেরার। সেখানে তার প্রতিপক্ষ ১৩তম বাছাই বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভ। যার বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে বেশ এগিয়ে ফেদেরার। পাঁচবারের দেখায় সবক’টিতেই জয় পেয়েছেন ফেদেরার। তাই দিমিত্রভের বিপক্ষে জয়ের ধারাটা অব্যাহত রাখতে চান ফেদেরার, ‘চতুর্থ রাউন্ডের ম্যাচ জিতে আমার ভক্তদের আরও একবার খুশী করতে চাই আমি।’
শেষ ষোলোতে নাদালের প্রতিপক্ষ ষোড়শ বাছাই লুক্সেমবার্গের জাইলস মুলার । নাদালের বিপক্ষে জয়ের স্মৃতি রয়েছে মুলারের। ২০০৫ সালে উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে নাদালকে হারিয়েছিলেন মুলার। তাই মুলারকে শক্ত প্রতিপক্ষ ভাবছেন নাদাল, ‘সে অনেক শক্তিশালী প্রতিপক্ষ। তার বিপক্ষে আমাকে পরিকল্পনানুযায়ী ও ভাল খেলতে হবে ।’ এএফপি।
ইত্তেফাক/সাব্বির