রাসিক কর্মচারীদের পাওনা আদায়ে নগর ভবনে তালা

 
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ক্ষুব্ধ কর্মচারীরা ৪০ লাখ টাকা বকেয়া পাওনা আদায়সহ ১১ দফা দাবিতে নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে। রবিবার সকাল সাড়ে ৮টা থেকে প্রধান ফটকে তালা দিয়ে নগর ভবন ঘেরাও করে রাখে তারা। এতে মেয়রসহ কোনো কর্মকর্তা-কর্মচারী সকাল থেকে দুপুর পর্যন্ত ভেতরে ঢুকতে পারেননি।
 
রাসিক শ্রমিক ইউনিয়ন সভাপতি দুলাল শেখ বলেন, 'চতুর্থ শ্রেণির কর্মচারীদের পাওনা ৪০ লাখ টাকা পরিশোধ করা হয়নি। এ অবস্থায় তাদের আন্দোলনে নামতে হচ্ছে। ঈদের পর বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের কথা বলেছিলেন মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। কিন্তু এখন পর্যন্ত সেই উদ্যোগ নেওয়া হয়নি।'
 
শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিবর আহমেদ মামুন বলেন, 'রাসিক প্রশাসন আমাদের সঙ্গে প্রতারণা করছে। দাবি দাওয়া তুলে ধরার পর তারা আমাদের আশ্বাসের পর আশ্বাস দিচ্ছে। যা এখন আমাদের প্রহসন মনে হচ্ছে।'
 
তাদের ১১ দফা দাবির মধ্যে রয়েছে, দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের পরিপত্র অনুযায়ী মজুরি বৃদ্ধি, স্থায়ী কর্মচারীদের জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রদান, স্থায়ী কর্মচারীদের গৃহ নির্মাণের ব্যাংক লোনের ব্যবস্থা, মৃত ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের পোষ্যদের চাকরি প্রদান, মৃত ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের অবসরকালীন ভাতা প্রদান, স্থায়ী কর্মচারীদের বদলি, শোকজ ও সাসপেন্ড বন্ধ এবং বরখাস্তকৃতদের চাকরিতে পুনর্বহাল, সাংগঠনিক কাঠামো সংশোধন পূর্বক নিয়োগের ব্যবস্থা, মজুরি ভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ী, কল্যাণ তহবিল বাস্তবায়নে চূড়ান্ত অনুমোদন এবং স্থায়ী কর্মচারীদের পোশাক, জুতা ও ছাতাসহ বকেয়া পাওনা পরিশোধ করা।
 
উল্লেখ্য, গত ১২ জুন থেকে রাসিকের কর্মচারীরা বেতন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে আন্দোলন করছেন।  গত ১৮ জুন তারা নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করলে তাদের সঙ্গে বৈঠক করে ৫ জুলাইয়ের মধ্যে দাবি মানার আশ্বাস দেয়া হয়েছিল।
 
ইত্তেফাক/জামান