চারদিনেই দক্ষিণ আফ্রিকাকে ২১১ রানে হারাল ইংল্যান্ড

সিরিজের প্রথম টেস্টে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে ২১১ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে ইংল্যান্ড। রোববার লর্ডসে অনুষ্ঠিত টেস্টে এই জয়ের ফলে চার ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নবনিযুক্ত অধিনায়ক জো রুটের দল। 
 
জয়ের জন্য ৩৩১ রানের লক্ষ্য নিয়ে খেলতে নামা দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড অফ স্পিনার মঈন আলীর বোলিং তোপে মাত্র ১১৯ রানেই অল আউট হয়ে যায়। ৫৩ রানের বিনিময়ে একাই ছয় উইকেট তুলে নেন স্বাগতিক স্পিনার। ফলে ৩৭ ওভারেই থেমে যায় প্রোটিয়াদের ইনিংস। 
 
IMG0
 
এই জয়ে পুর্বসুরি এ্যালিস্টার কুক ও অল রাউন্ডার মঈন আলীর ভুয়সি প্রশংসা করেছেন জো রুট। ম্যাচে দুই ইনিংসে ১১২ রানের বিনিময়ে ১০ উইকেট শিকার করেন আলী। ৩৮ টেস্টের ক্যারিয়ারে এই প্রথমবার ১০ উইকেট শিকার করলেন তিনি। ম্যাচের প্রথম ইনিংসে অধিনায়ক রুটের ১৯০ রানের সুবাদে ৪৫৮ রানের বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। একই ইনিংসে ব্যাট হাতে ৮৭ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কারও পান আলী। 
 
আগের দিনের এক উইকেটে ১১৯ রান নিয়ে রোববার চতুর্থ দিনের ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড লাঞ্চের আগেই ৭ উইকেট হারিয়ে ফেলে। কিন্তু দলের সর্বকালের সর্বোচ্চ টেস্ট রান সংগ্রহকারী ওপেনার কুকের ৬৯ ও উইকেট রক্ষক জনি বেয়ারস্টোর ৫১ রানে ভর করে দ্বিতীয় ইনিংসে ২৩৩ রান সংগ্রহ করতে সক্ষম হয় ইংল্যান্ড। ফলে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকা ৩৩১ রানের টার্গেট পায়। 
 
এ লক্ষ্যে ব্যাটিং করতে গিয়ে দক্ষিন আফ্রিকার কোন ব্যাটসম্যানই স্বাগতিকদের সামনে দাঁড়াতে পারেনি। সর্বোচ্চ ২১ রান করেছেন টেম্বা বাভুমা এবং ১৯ রান করেন টেল এন্ডার ব্যাটসম্যান ভারনন ফিলান্ডার। 
 
IMG1
 
রুট বলেন, কুকি, কিয়েটন (জেনিংস) ও গ্যারি (ব্যালেন্স) দারুন খেলেছেন। আজ যে ১০০ রান সংগৃহীত হয়েছে তা কিন্ত সহজ ছিলনা। নিজেদের নৈপুণ্যের মাধ্যমে তারা উইকেটকে প্রত্যাশার চেয়ে বেশি সহজ করে তুলেছিল। এজন্য তাদের প্রশংসা পাওয়া উচিৎ। আর মঈন সহ দলের বোলাররা যা করেছে তা বলতে গেলে দুর্দান্ত। ’ 
 
এই ম্যাচের মাধ্যমে মঈন আলী ৫ম অল রাউন্ডার হিসেবে দ্রুততম সময়ে ২০০০ রান এবং ১০০ উইকেট সংগ্রহ করেছেন। রুট বলেন, ‘সে যখন আগ্রাসী হয়ে ওঠে তখনই সেরাটা আদায় করে। তার পারফর্মেন্স ছিল অসাধারণ। ভাল বিষয় হচ্ছে আমাদের শীর্ষ সাতে ভাল বোলিংয়ের বিকল্প রয়েছে। এরা হলেন আলী ও পেস বোলিং অল রাউন্ডার বেন স্টোকস। আলী যখনই সুযোগ পাচ্ছে তা ভালভাবেই কাজে লাগাচ্ছে। এটি একটি ভাল দিক।’
 
ইত্তেফাক/রেজা