নন্দীগ্রামে যুবক নিহতের ঘটনায় আটক ৫

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় নিজ বাড়িতে খালাতো ভাইয়ের গুলিতে সাদ্দাম হোসেন নামে এক যুবক নিহতের ঘটনায় পুলিশ ৫জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, নাটোর জেলার সিংড়া উপজেলার বরবরিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে কারিমুল ইসলাম (১৯), আনছান আলী সরদারের ছেলে সবুজ আলী (১৯), শহিদুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (১৯) ও নন্দীগ্রাম উপজেলার দমদমা গ্রামের লুৎফর রহমানের ছেলে নাজমুল হুদা (২৪) এবং কুমিড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে মোশারফ হোসেন (৪০)।

রবিবার (০৯ জুলাই) মধ্যরাত থেকে সোমবার (১০ জুলাই) দুপুর পর্যন্ত নাটোরের সিংড়া ও নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।


নিহতের পিতা শাহ-জামাল সরদার মন্টু বাদি হয়ে নাটোরের সিংড়া উপজেলার খন্দকার বরবরিয়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে রিপনকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। মামলায় রিপনসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়।

আজ সোমবার দুপুরের গ্রেফতার ব্যক্তিদের উক্ত হত্যা মামলার আসামি হিসেবে  মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রিপন মিয়া তাদের আদালতে হাজির করেন। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানী শেষে আদালতের বিচারক তাদের প্রত্যেকের তিন দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক পাঁচজনকে আটকসহ তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু