নেত্রকোনার পূর্বধলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৌরভ ঘোষ (১৭) নামের এক কলেজ ছাত্রকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার সন্ধ্যায় উপজেলার জারিয়া রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সৌরভ ঘোষকে উদ্ধার করে প্রথমে জারিয়া উপ-স্বাস্থ্য কেন্দ্রে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছে।
সৌরভ ঘোষ উপজেলার জারিয়া বাজার এলাকার শিবু ঘোষের ছেলে ও পূর্বধলা ডিগ্রী কলেজের ছাত্র।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার সকালে জারিয়া পূর্বপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মামুন ও একই এলাকার ইমন ও আহত সৌরভ জারিয়া রেল স্টেশনে বলাকা কমিউটার ট্রেনের টিকিটের জন্য লাইনে দাঁড়ানো নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি মিমাংসা করে দেন।
সোমবার সন্ধ্যায় ওই তুচ্ছ বিষয়টিকে কেন্দ্র করে প্রতিপক্ষের মামুন, ইমন, মিন্টু ও রইছ উদ্দিনসহ বেশ কয়েকজন সৌরভ ঘোষকে জারিয়া রেল স্টেশন থেকে টেনে হিঁচড়ে পাশ্ববর্তী জারিয়া-ঝানজাইল উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে ইট, রড ও হকিস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) অভিরঞ্জন দেব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/নূহু