বিভাগীয় নতুন শহরের ভূমি অধিগ্রহণের ‘জরিপ’ নিয়ে ময়মনসিংহে চরাঞ্চলের ঘরে ঘরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রবিবার প্রশাসনের পক্ষ থেকে চরাঞ্চলে জরিপ করা হবে এমন খবরে গ্রামবাসী ভোর থেকে ঘর ছেড়ে বিভিন্ন সড়কে অবস্থান নেয় এবং সবক’টি সড়ক দিনভর অবরোধ করে রাখে। চরাঞ্চলের কোনো দোকানপাট খোলেনি। হাটবাজারে কালো পতাকা উত্তোলন করা হয়। অবশ্য সারাদিনের মধ্যে প্রশাসনের কোনো লোক জরিপ করতে চরাঞ্চলে যাননি। এদিকে জরিপের খবর ছড়িয়ে পড়লে চরাঞ্চলের শ্রমিকরা শহরে কাজে যোগদান থেকে বিরত থাকেন। ওই এলাকার কোনো ব্যবসায়ি শহরে পণ্য নিয়ে আসেননি। যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। নৌকা চলাচলও করেনি।
গত ২১ জুন ময়মনসিংহের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চরবাসীসহ সুধিমহলের সাথে মতবিনিময় সভার পর এবং ২২ জুন অপর এক সভায় চরবাসীর সাথে পৃথক এক বৈঠকের পর প্রশাসনের পক্ষ থেকে রবিবার ভূমি অধিগ্রহণ এলাকায় জরিপ শুরু করার কথা বলা হয়। ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত জরিপ কাজ চলার কথা থাকলে গত শনিবার রাত থেকে বুধবার পর্যন্ত চরাঞ্চলের প্রবেশপথে অবস্থান ও বিভিন্ন সড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেন বসতভিটা রক্ষা কমিটির গ্রাম শাখাগুলো। সেই ঘোষণা অনুযায়ী চরাঞ্চলের মানুষ শনিবার রাত থেকেই রাস্তায় অবস্থান নেয়া শুরু করেন। ময়মনসিংহের শম্ভুগঞ্জ থেকে বোরোরচর সড়কের রসুলপুর, জয়বাংলাবাজার, দুর্গাপুর সড়কের কোণাপাড়ায় গাছের গুঁড়ি ফেলে এবং চরগোবিন্দপুর পূর্বপাড়া ও কাচারিঘাট-জয়বাংলাবাজারের সড়কজুড়ে হাজারো নারী-পুরুষ অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। দিনভর কর্মসূচি চলাকালে ‘পূর্বের নকশা বহাল করো, নদীর তীরে শহর গড়ো’, ‘বিকল্প প্রস্তাব মেনে নাও, নইলে মুখে বিষ দাও’, ‘আমরা সবাই চরের সেনা, ভয় করি না বুলেট বোমা’, ‘যে যেখানে আছি ভাই, বিকল্প প্রস্তাবে শহর চাই’ ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ ‘ভূমি খেকোদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি শ্লোগানে মুখরিত করে তোলে। অবস্থান ও সড়ক অবরোধ কর্মসূচির কারণে চরাঞ্চলের শিক্ষার্থীরা স্কুলে যায়নি। স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষা থাকলেও শিক্ষার্থীরা না যাওয়ায় পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ময়মনসিংহ বিভাগের নতুন শহর গড়ার উন্নয়ন পরিকল্পনায় ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে এক হাজার দুইশ’ কুড়ি একর জমি অধিগ্রহণের প্রথম নকশাটি বাতিল করে নতুন করে নকশা প্রণয়ন করা হয়। বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়সহ সরকারি বিভিন্ন কার্যালয় ও আধুনিক ময়মনসিংহ বিভাগীয় নগর গড়ে তোলার জন্য সরকার ব্রহ্মপুত্রের চর এলাকার পাঁচটি গ্রামের ৪ হাজার ৩৩৬ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয় সরকার। প্রশাসনের পক্ষ থেকে অধিগ্রহণের ফলে সকল ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথভাবে পুনর্বাসনের আশ্বাস দেয়া হয়। ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান সাংবাদিকদের জানান, চরাঞ্চলের একটি এলাকায় কিছু তথ্য সংগ্রহের জন্য প্রশাসনের পক্ষ থেকে যাওয়ার কথা ছিল। পরে প্রশাসনিকসহ বিভিন্ন কারণে তথ্য সংগ্রহ করতে যাওয়া সম্ভব হয়নি।
ইত্তেফাক/নূহু