নুরির হৃদযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়নি

ক্ষতিগ্রস্ত হয়নি আয়াক্সের মিডফিল্ডার আব্দেলাখ নুরির হৃদযন্ত্র। পরীক্ষা শেষে সোমবার এমন তথ্যই জানিয়েছে হল্যান্ডের শীর্ষ ক্লাব আয়াক্স। শনিবার অস্ট্রিয়ায় আয়াক্সের হয়ে স্বাগতিক শীর্ষ ক্লাব ওয়ার্ডার ব্রেমেনের বিপক্ষে অনুশীলন ম্যাচে খেলার সময় আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হন এই ফুটবলার। 
 
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডাচ ক্লাবটি জানায়, ‘সর্বশেষ পরীক্ষায় দেখা গেছে যে নুরির হৃদযন্ত্র স্বাভাবিক ভাবেই কাজ করছে। সেটির কোন ক্ষতির চিহ্ন ধরা পড়েনি। তবে তার পুরোপুরি সুস্থতার বিষয়ে এখনো কিছু বলার সময় আসেনি। তার মস্তিষ্কের পরীক্ষা এখনো সঠিকভাবে করা হয়নি। তিনি এখনো শয্যাশায়ী।’
 
অস্ট্রিয়ার জিলার্টাল শহরে ম্যাচে অংশ নেয়ার সময় আকস্মিকভাবে ‘হৃদরোগে’ আক্রান্ত হন ২০ বছর বয়সী নুরি। তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারে করে তাকে নিকটবর্তী ইনসব্রকের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি বাতিল করা হয় ম্যাচটি।
 
গত বছর সেপ্টেম্বরে ডাচ কাপে উইলেম একাদশের বিপক্ষে ম্যাচে আয়াক্সের হয়ে অভিষেক ঘটেছিল নুরির। ম্যাচে একটি গোলও করেছিলেন এই উদীয়মান তারকা। এর আগে দ্বিতীয় সারির দল ‘ইয়ং আয়াক্সের’ হয়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের কারণে ২০১৬-১৭ মৌসুমের ‘জুপিলার প্লেয়ার’ খেতাবে ভুষিত হয়েছিলেন নুরি। বাসস।
 
ইত্তেফাক/রেজা