রেকর্ড অর্থে লুকাকুর ইউনাইটেডে যোগদান সম্পন্ন

রেকর্ড অর্থে রোমেলু লুকাকুর এভারটন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সোমবার ইউনাইটেড এই ঘোষণা দিয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী ৭৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে লুকাকুর দলবদল প্রক্রিয়াটি সম্পাদিত হয়েছে। 
 
এভারটনের হয়ে ইংলিশ প্রিমিয়ার লীগে রেকর্ড গোলের অধিকারী ২৪ বছর বয়সী এই বেলজিয়ান স্ট্রাইকার ডাক্তারী পরীক্ষায় উত্তীর্ণ হবার পর তার সঙ্গে ৫ বছরের এই চুক্তি সম্পাদিত হলো। ব্যক্তিগত শর্তের ভিত্তিতে এর ফলে প্রতি সপ্তাহে তার আয়ের পরিমান দাঁড়াবে ২ লাখ পাউন্ডেরও বেশি।
 
 
ক্লাবের ওয়েবসাইটকে ইউনাইটেডের কোচ হোসে মরিনহো বলেন, ‘রোমলেু স্বাভাবিকভাবেই ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য উপযুক্ত। সে একজন বড় মাপের খেলোয়াড়। সেরা এই ক্লাবে এসে স্বাভাবিকভাবেই সে তার ক্যারিয়ারকে আরো উন্নত করতে চাইবে। আমাদের দলে তার অন্তর্ভুক্তিটি দারুণ এক অর্জন। আমি জানি ক্লাবের সবাই তাকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানাবে। আমি এখন এই ফরোয়ার্ডকে নিয়ে ফের কাজ করার অপেক্ষায় আছি।’ বাসস।
 
ইত্তেফাক/রেজা