তারকা স্ট্রাইকার এ্যালেক্সিস সানচেজ ক্লাব ছেড়ে কোথাও যাচ্ছেন না বলে আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন আর্সেনালের ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার। একইসাথে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন সানচেজ তার চুক্তির প্রতি সম্মান দেখিয়ে নতুনভাবে ক্লাবের সাথে চুক্তি নবায়ন করবেন।
চিলির ২৮ বছর বয়সী এই তারকার সাথে গানার্সদের চুক্তি আর মাত্র এক বছর বাকি রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত তিনি নতুন চুক্তিতে স্বাক্ষর করেননি। দলবদলের বাজারে গুঞ্জন রয়েছে আর্সেনাল ছেড়ে তিনি বায়ার্ন মিউনিখ কিংবা ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে যাচ্ছেন। বৃটিশ গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী তাকে শীর্ষ পর্যায়ের ক্লাব থেকে ৮০ মিলিয়ন পাউন্ড পর্যন্ত প্রস্তাব করা হয়েছে। কিন্তু ওয়েঙ্গার ইঙ্গিত দিয়েছেন এই ধরনের কোন ঘটনা এ পর্যন্ত ঘটেনি। এ সম্পর্কে ওয়েঙ্গার বলেন, খেলোয়াড়দের সাথে ক্লাবে চুক্তি থাকে এবং আমরা সকলের চুক্তিকেই সম্মান জানিয়ে থাকি।
সানচেজকে ক্লাবে রাখতে আর্সেনাল কতটা উদ্রগীব কিংবা প্রিমিয়ার লীগের কোন ক্লাবে আদৌ তিনি যাচ্ছেন কি-না এমন প্রশ্নের উত্তরে ওয়েঙ্গার বলেছেন, অবশ্যই মৌসুম শেষে এই ধরনের আলোচনা অনেক খেলোয়াড়কে নিয়েই হয়ে থাকে। সে আমাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আমি মনে করি ক্লাবের প্রতিও তার ভালবাসা আছে।
গত মৌসুমটা অবশ্য সানচেজের জন্য খুব একটা ভালো কাটেনি। ফর্মহীনতায় প্রায়ই তাকে সমালোচনা মুখে পড়তে হয়েছে। এমনকি দলের পারফরমেন্স বিচারে ওয়েঙ্গারের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা দেখা দেয়। আর্সেনাল বর্তমানে প্রাক মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে অস্ট্রেলিয়া সফরে রয়েছে। গত মাসে কনফেডারেশনস কাপে অংশগ্রহণের কারণে সানচেজকে এই সফর থেকে বিশ্রাম দেয়া হয়েছে। চলতি সপ্তাহে সিডনিতে প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে আর্সেনাল দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নিবে। বৃহস্পতিবার সিডনি এফসি ও শনিবার ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে গানার্সরা। বাসস।
ইত্তেফাক/রেজা