চেলসি থেকে তরণ তারকা সোলাঙ্কিকে দলভুক্ত করলো লিভারপুল

চেলসি থেকে ইংল্যান্ড অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবল দলের স্ট্রাইকার ডোমিনিক সোলাঙ্কিকে দলভুক্ত করেছে লিভারপুল। 
 
১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড গত মাসে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে চার গোল করেছেন। বয়স ভিত্তিক এ বিশ্ব আসরের ফাইনালে ভেনিজুয়েলাকে হারিয়ে শিরোপা লাভ করে ইংল্যান্ড। জাতীয় দলের ১৯৬৬ বিশ্বকাপ শিরোপার পর এটিই ইংলিশদের বিশ্ব আসরে প্রথম কোন শিরোপা। 
 
সোলাঙ্কি বলেন, ‘এখানে সবাই ইতোমধ্যে আমাকে আন্তরিকভাবে গ্রহণ করেছে, যা দেখে আমি বিস্ময় বোধ করছি। এমনকি প্রশিক্ষণে আমাকে মধ্যমণি করে রেখেছে। আশা করছি অচিরেই আমি সেরা একাদশে ঠাই পাবো এবং নতুন ইতিহাস রচনা করতে পারবো।’
 
বিবিসি’র খবর অনুযায়ী ৩ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে চুক্তিটি সম্পাদিত হয়েছে। তবে সেটি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবে। কারণ,চেলসির সঙ্গে তার চুক্তির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। ক্লাবটি তার প্রতিভা পালনের জন্য ফি পেতে চায়। কারণ, তাকে অনূর্ধ্ব-২৪ দলের অন্তর্ভুক্ত করে রাখা হয়েছিলো। 
 
চেলসিতে থাকাকালিন সময়ে একটি মাত্র ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন সোলাঙ্কি। তাও চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে বদলী হিসেবে। ২০১৫-১৬ মৌসুমে ডাচ একটি ক্লাবে ধারের খেলোয়াড় হিসেবে সিনিয়র টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। সেখানে ২৫ ম্যাচে অংশ নিয়ে আদায় করেছেন ৭টি গোল। বাসস।
 
ইত্তেফাক/রেজা