গাজীপুরে ওয়াসিফ নিট কম্পোজিট লিমিটেড নামক একটি গার্মেন্টস কারখানার প্রায় ৪০ লাখ টাকা ছিনতাই হয়েছে। মঙ্গলবার বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন সড়ক বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।
ওই কারখানার এমডি আমিনুল ইসলাম স্বপন জানান, হিসাবরক্ষণ কর্মকর্তা রামকৃষ্ণ সাধু ও জুনিয়র সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ শ্রমিক-কর্মচারীদের বেতনের ৩৯ লাখ ৯০ হাজার টাকা ইসলামী ব্যাংক বোর্ডবাজার শাখা থেকে উত্তোলন করেন। টাকা গুলো একটি ব্যাগে ভরে তারা প্রাইভেটকার যোগে তারা কারখানায় ফিরছিলেন।
যানজট থাকায় গাড়িটি রং সাইডে চলছিল। বিকেল সোয়া ৩টার দিকে তাদের বহনকারী প্রাইভেটকারটি বাসন সড়ক বাসস্ট্যান্ডের কাছে পৌঁছুলে পূর্ব থেকে ওতপেতে থাকা দুইটি মোটরসাইকেল যোগে ৪-৫জন ছিনতাইকারী এসে অস্ত্রের ভয় দেখিয়ে প্রাইভেটকারের গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা হাতুড়ি দিয়ে প্রাইভেটকারের জানালার গ্লাস ভেঙ্গে ফেলে। বাধা দিতে গেলে তারা চালককে মারধর করে এবং এক পর্যায়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ছিনতাইকারীরা খালেদ সাইফুলালার কাছ থেকে ব্যক্তিগত ১২ হাজার ৫০০ টাকা, দুইটি মোবাইল ফোন সেট ও একটি এটিএম কার্ডও জোরপূর্বক ছিনিয়ে নেয়। তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে ভোগড়া পুলিশ ক্যাম্পের দূরত্ব মাত্র কয়েকশ' গজ। খবর পেয়ে জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। টাকা ছিনতাইয়ের বিষয়ে জানতে মোবাইলে জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।
ইত্তেফাক/জামান