খুলনায় চারতলা ভবন থেকে পড়ে রায়হান আহমেদ সাগর (১৯) নামে আর্ম পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক রিক্রুট (প্রশিক্ষণের জন্য মনোনীত) সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে নগরীর শিরোমনিস্থ এপিবিএন ব্যারাক ভবনের নিচ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা অথবা পালানোর জন্য লাফিয়ে পড়ে তার মৃত্যু হতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন। নিহত রায়হান আহমেদ সাগর পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ইন্দ্রকুল গ্রামের মো. মোশাররফ হোসেনের ছেলে। সে গত দু’ মাস আগে এপিবিএনে নিয়োগের জন্য মনোনীত হয়।
এপিবিএন খুলনার সহকারী পুলিশ সুপার (ব্যাটালিয়ন কোয়াটার মাস্টার) গোলাম রহমান জানান, রায়হান আহমেদ সাগর পটুয়াখালি জেলা কোটায় নিয়োগ পেয়ে প্রশিক্ষণের জন্য গত রবিবার খুলনায় আসে। সোমবার ঊর্ধ্বতন কর্মকর্তারা রায়হান আহমেদ সাগরসহ অন্যান্য রিক্রুটদের নিয়োগ সংক্রান্ত কাগজপত্র, মাপসহ সংশ্লিষ্ট বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করেন। মঙ্গলবার পোশাক, বুটসহ অন্যান্য প্যারেড সামগ্রী প্রদান এবং আজ বুধবার থেকে প্রশিক্ষণের কথা ছিল। সে অনুযায়ী গত সোমবার রাতে অন্যান্য প্রশিক্ষণার্থীদের সঙ্গে সেও চারতলা ব্যারাক ভবনে ঘুমানোর জন্য যায়। কিন্তু গতকাল মঙ্গলবার ভোর সোয়া ৫টার দিকে তার দেহ ভবনের নিচে কার্নিশের ওপর পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে জেলা পুলিশ হাসপাতাল এবং পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/জামান