এইচপির পাঁচে পাঁচ

 
বিরুদ্ধ কন্ডিশনের অস্ট্রেলিয়া সফরটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাইপারফরম্যান্স দলের জন্য ছিল অনেকটা শিক্ষাসফরের মতো। তবে, গোটা সফরে বরং সফরকারীদের বিপক্ষে পেরে ওঠেনি অস্ট্রেলিয়ানরা। ডারউনে নর্দার্ন টেরিটরি আমন্ত্রণমূলক একাদশকে রীতিমত হোয়াইটওয়াশই করে দিল দলটি। গতকাল ১৫১ রানের বিশাল এক জয় পেয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা।
 
গতকাল মঙ্গলবার ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করা এইচপি একাদশকে ২৬৯ রানে রুখে দিয়েও শেষ হাসি হাসতে ব্যর্থ হয় নর্দার্ন টেরিটরি। সিরিজে প্রথম জয়ের সন্ধানে ব্যাট করতে নেমে মাত্র ১১৮ রানেই থেমে যায় নর্দার্ন টেরিটরির ইনিংস। বাংলাদেশ এইচপি দল পায় ১৫১ রানের বড় জয়।
 
গত বুধবার থেকে শুরু হওয়া সিরিজের প্রথম ম্যাচে উইকেটের নাটকীয় এক জয়ে সিরিজে এগিয়ে যায় লিটন-বিজয়রা। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে যথাক্রমে ৭০ ও ৪২ রানের বড় জয়ে সিরিজ নিশ্চিত হয় লিটন-বিজয়দের। সিরিজের চতুর্থ ম্যাচে ৯ উইকেটের বড় জয় আসে। তারই ধারাবাহিকতায় পঞ্চম ও শেষ ম্যাচে ১৫১ রানের বড় জয়ে নর্দার্ন টেরিটরিকে হোয়াইটওয়াশের লজ্জা দেয় এইচপি দল। টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ২৬৯ রানে থামে লিটন-বিজয়দের সংগ্রহ। দলের পক্ষে এনামুল হক বিজয় ৫৩, ইরফান শুক্কুর ৪৬, তাসামুল হক ৪৬, ইমতিয়াজ হোসেন ৩৯ ও আবু হায়দার রনি ৩৫ রান করেন। নর্দার্ন টেরিটরির পক্ষে ডোয়েল তিনটি ও মেকেল দুটি করে উইকেট নেন।
 
প্রথম জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়েই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় নর্দার্ন টেরিটরির আমন্ত্রিত একাদশ। পেসবান্ধব উইকেটে স্বাগতিকরা ৩০.৪ ওভারে মাত্র ১১৮ রান তুলতেই গুটিয়ে যায়। দলের পক্ষে ফ্রিম্যান ২৯ রান করেন। বিসিবি এইচপি দলের পক্ষে মোহাম্মদ সাইফউদ্দিন ও আবুল হাসান রাজু তিনটি করে উইকেট লাভ করেন। এ ছাড়া আরেক পেসার আবু জায়েদ রাহি দুটি উইকেট নেন।
 
দুই দলের মধ্যকার সফরের একমাত্র তিনদিনের ম্যাচটি শুরু হবে আগামী বৃহস্পতিবার। একই ভেন্যুতে অনুষ্ঠিতব্য ম্যাচটিই চলতি সফরে এইচপির শেষ ম্যাচ।
 
ইত্তেফাক/এমআর