নাগেশ্বরীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি

নাগেশ্বরীতে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। পানি বৃদ্ধি পাচ্ছে দুধকুমর, ব্রহ্মপুত্র, গঙ্গাধর, শংকোষ ও ফুলকুমরের। ৬টি বেড়ি বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে আরও নতুন নতুন এলাকা।
 
ক্রমাগত পানি বৃদ্ধিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও অর্ধশতাধিক গ্রামসহ প্রায় দেড় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে এসব গ্রামের প্রায় ২০ সহস্রাধিক মানুষ। খাদ্য ও সুপেয় পানির সংকটে দুর্ভোগে পড়েছেন তারা। পাঠদান স্থগিত করা হয়েছে এসব এলাকার অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে। 
 
অপরদিকে দেখা দিয়েছে ভাঙ্গন। ইতোমধ্যে বন্যার পানির তীব্র স্রোতে ভেসে গেছে মন্নেয়ারকুড়া সাঁকো, ধনিরভীটা ব্রিজ। ভেঙ্গে গেছে দক্ষিণ চর কাপনা, সারিসুরি ওয়াবদা, পাটতলা, ধনিরভিটা, কুমড়িয়ারপাড়, ভেলকারচর বেড়ি বাঁধ। ভাঙ্গন দেখা দেয়ায় পাঁচমাতা-কচাকাটা পাগলারকুড়া বেরি বাঁধ সংস্কারের চেষ্টা চালাচ্ছে এলাকাবাসী। ভেঙ্গে যাচ্ছে চর কাপনা আজগার জলিল আবাসন। নদী গর্ভে বিলীন হয়ে গেছে উত্তর কাপনার অর্ধ শতাধিক বাড়ি, ঈদগাহ মাঠ, মাদ্রাসা। ভাঙ্গছে কাপনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। 
 
ইত্তেফাক/এমআই