যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাঁচ ভুলাট গ্রামে মঙ্গলবার রাত ৮টার সময় সন্ত্রাসী হামলার শিকার হয়েছে কাজী বশীর উদ্দীন নামে একজন গ্রাম্য ডাক্তার। এ সময় সন্ত্রাসীরা তার ডাক্তার খানা ভাঙচুর করে নগদ অর্থ লুট করে নিয়ে যায়। খবর পেয়ে তার পরিবারের লোকজন বাঁধা দিলে চার সন্ত্রাসী এ ডাক্তারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠেছে।
আহত ডাক্তার বশীর উদ্দীন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাঁচ ভুলাট গ্রামের নুর উদ্দীনের ছেলে সন্ত্রাসী হাসানুজ্জামান রানা, আব্দুল জলিলের ছেলে তোফাজ্জেল হোসেন তোফা, মনির হোসেন এবং আব্দুর রহমানের ছেলে নুর উদ্দীন তার ডাক্তার খানায় হামলা চালায় এবং দোকানের জিনিষপত্র ও ওষুধ ভাঙচুর করে নগদ অর্থ লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় তাকে জীবন নাশের হুমকি দেয় তারা। এ ঘটনায় বুধবার সকালে শার্শা থানায় ঘটনার সঙ্গে জড়িত চার সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
এলাকাবাসী অভিযোগে জানান, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছেন। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। এলাকাবাসী আরো জানান, সন্ত্রাসী রানা তার দোকানে ভারত থেকে ফেনসিডিল এনে প্রতি রাতে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে থাকেন। তার সহযোগী তোফা এবং নুরউদ্দীন সীমান্তের ওপার থেকে এ সব মাদক দ্রব্য নিয়ে আসেন। অপর সন্ত্রাসী মনির হোসেন সরকারের ভ্যাট ফাঁকি দিয়ে ভারত থেকে চোরা পথে গরু নিয়ে আসছে দীর্ঘদিন ধরে।
এ ব্যাপারে শার্শা থানার ওসি মনিরুজ্জানান জানান, পাঁচ ভুলাট সীমান্ত এলাকার চার সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। আইনি প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/জামান