প্রমীলা ক্রিকেটারদের যৌন নিপীড়নের অভিযোগে অবশেষে দিনাজপুরের ক্রিকেট কোচ আবু সামাদ মিঠুকে জেলা কারাগারে প্রেরণ করেছে আদালত।
মঙ্গলবার ক্রিকেট কোচ আবু সামাদ মিঠু দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মণ্ডলের আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত, আবেদন নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে প্রেরণের আদেশ দেন।
এদিকে আলোচিত এই মামলার আসামির আত্মসমর্পণের কথা জানতে পেরে গতকাল সকাল থেকেই আদালত প্রাঙ্গণে বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিসহ নারী নির্যাতন প্রতিরোধ সম্মিলিত জোটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
কোচ মিঠুর বিরুদ্ধে যৌন নিপীড়নের শিকার এক প্রমীলা ক্রিকেটারের বাবা বাদি হয়ে গত ৮ জুলাই রাতে দিনাজপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলাটি করেন।
মামলায় অভিযোগ করা হয়, গত ১ জুন বিকেলে বড় মাঠে অনুশীলনের সময় তার মেয়ে পায়ে বলের আঘাত পায়। কোচ মিঠু মাঠে থাকা স্পোটর্স ভিলেজে ভিকটিমকে নিয়ে শ্লীলতাহানি এবং যৌন নিপীড়ন করতে থাকে। এসময় ওই প্রমীলা ক্রিকেটারের চিত্কারে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। এক পর্যায় বিষয়টি প্রকাশ করলে প্রশিক্ষণ থেকে তাকে বের করে দেওয়ার হুমকিসহ ভয়ভীতি প্রদর্শন করেন মিঠু।
নিপীড়নের শিকার ওই প্রমীলা ক্রিকেটারের বাবা জানান, বিষয়টি জানতে পেরে তিনি দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মীর খায়রুল আলম ও বাংলাদেশ ক্রিকেট বোড-বিসিবি’র কাছে লিখিত অভিযোগ করেন। কিন্তু তারা কোনো ব্যবস্থা না নেওয়ায় গত ৮ জুলাই তিনি কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
আবু সামাদ মিঠু দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) নির্বাহী সদস্য এবং বিসিবির নিয়োগকৃত দিনাজপুরের ক্রিকেট কোচ। যৌন নিপীড়নের অভিযোগের প্রেক্ষিতে ইতিপূর্বে বিসিবি এবং ডিএসএ স্ব স্ব অবস্থান থেকে মিঠুকে সাময়িক বরখাস্ত করেছে।
ইত্তেফাক/নূহু