উপজেলার বাহাদুরপুর ফিরোজা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাঁটু পানি। ফলে শিক্ষার্থীদের খেলাধুলা ও দৈনিক অনুশীলন কার্যক্রম বন্ধ রয়েছে। অথচ এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বছর বঙ্গমাতা বেগম ফজিলাতুননেসা মুজিব গোল্ডকাপ ফাইনাল খেলবে। ১৯৯০ সালে ৩৫ শতাংশ জমিতে এ বিদ্যালয়টি স্থাপন করেন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক ডা. আব্দুল মান্নান। মাত্র ৬ শতাংশ ভূমি ব্যতীত ২৯ শতাংশ স্কুল মাঠটি বছরের সিংহভাগ সময় থাকছে হাঁটু পানি— জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলহাস উদ্দিন।
ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মোনায়েম বাবলু জানান, শিক্ষার্থীদের লেখাপড়া, খেলাধুলা বিঘ্নিত হচ্ছে এবং বাথরুমে যেতেও পারছে না। দ্রুত এ সমস্যার সমাধান প্রয়োজন। বিদ্যালয়টিতে ১৯২ জন ছাত্রছাত্রী অধ্যয়ন করছে।
বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুল খালেক জানান, মাঠে পানি থাকায় খেলোয়াড়রা অনুশীলন করতে পারছে না।
সহকারী শিক্ষক মো. শহিদুল্লাহ জানান, মাঠে পানি থাকায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নিয়মিত অধিবেশনও সম্ভব হচ্ছে না। তিনি জানান, উপজেলা আন্তঃবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীরা অংশ নিয়ে ২০১৫ সালে ৬টি ইভেন্টে, ২০১৬ সালে ১১টি ইভেন্টে ও ২০১৭ সালে ৮টি ইভেন্টে বিজয়ী হয়। বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী ফরিদা আক্তার জানান, মাঠের পানিতে নামলে শরীর চুলকায়। তাই খেলাধুলা করতে পারছে না। উপজেলা শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ জানান, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/নূহু