বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা ও কল্যাণ তহবিলে অতিরিক্ত অর্থ কর্তন বাতিল, বার্ষিক ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা, বাড়ি ভাড়া, চিকিত্সা ও উত্সব ভাতা প্রদানসহ সমগ্র শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে গতকাল বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
বরিশাল অফিস: শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে নগরীতে মানববন্ধন করেছে শিক্ষক নেতৃবৃন্দ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন দাশগুপ্ত আশিষ কুমার, তোফায়েল আহাম্মেদ, আসাদুল আলম আসাদসহ অন্যরা।
সুনামগঞ্জ: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ তহবিলে অতিরিক্ত অর্থ কর্তন বাতিল, বার্ষিক ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা, বাড়ি ভাড়া, চিকিত্সা ও উত্সব ভাতা প্রদানসহ সমগ্র শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কলেজ- বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সুুনামগঞ্জ শাখা । বাকবিশিস জেলা শাখার আয়োজনে মানববন্ধন শহরের আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত হয়। ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক জালাল হোসেনের পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ- বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) জেলা শাখার সভাপতি শুভংকর তালুকদার মান্না, সহ-সভাপতি আব্দুল বাতেন, যুগ্ম-সম্পাদক নুয়াজ উদ্দিন, প্রচার সম্পাদক রজত কান্তি রায়, সদস্য সৃজন পুরকাস্থ প্রমুখ।
নেত্রকোনা: মাধ্যমিক স্কুলের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার অবসর সুবিধা থেকে শতকরা ১০ ভাগ কর্তনের প্রতিবাদে নেত্রকোনায় মাধ্যমিক স্কুলের শিক্ষক কর্মচারীরা বিশাল মানববন্ধন করেছেন। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন চলাকালে সরকারের এই সিদ্ধান্ত বাতিল এবং জারিকরা পরিপত্র প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুত্ফুল হায়দার ফকির, সাধারণ সম্পাদক মাজাহারুল হক তুহিন, সদর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক আবুল হাসান, সাংগঠনিক মাজাহারুল ইসলাম মাসুদ, প্রধান শিক্ষিকা গাজী মারুফা বেগম এবং ফেরদৌস আরা ইয়াসমিন। পরে তারা শহরে একটি মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
ঝিনাইদহ: অবসর ও কল্যাণ তহবিলে ১০% কর্তনের পরিপত্র বাতিল ও বার্ষিক ৫% প্রবৃদ্ধি, বৈশাখী ও উত্সব ভাতা প্রদানের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ শিক্ষক সমিতি। বৃষ্টি উপেক্ষা করে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীরা অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মহিউদ্দিন, শিক্ষক নেতা রেজাউল করিম, আব্দুল মমিন, আলী রেজা, প্রদীপ কুমার, রেজাউল ইসলাম, শাহানাজ পারভীন মুন্নী, আব্দুল গণি, কৃপা সিন্ধু, আলমগীর হোসেন প্রমুখ।
বাগেরহাট:এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ভাতা ও কল্যাণ ট্রাস্ট থেকে ১০ ভাগ কর্তনের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটে শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুকুন্দ দাস, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আবুল হাসনাত স্বপন, শিক্ষক নেতা হরিচাদ বিশ্বাস, তামজিদ হোসেন, সেলিম মাহমুদ, নজরুল ইসলাম প্রমুখ। পরে তারা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে।
কিশোরগঞ্জ:জেলা শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য বেতন থেকে অযৌক্তিক কর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক সমিতি কিশোরগঞ্জ সদর উপজেলা শাখা এই কর্মসূচি পালন করে। জেলা শহরের কালীবাড়ি সড়কে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আফাজুর রহমান, সদর উপজেলা শাখার সভাপতি মো. আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর, আবুল হাশেম, জসীমউদ্দিন, এনামুল হক চৌধুরী প্রমুখ।
নরসিংদী:অবসর ও কল্যাণ ট্রাস্টের ১০% কর্তনের প্রতিবাদে নরসিংদী প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গেজেটে অতিরিক্ত ৪% প্রদান করে ভবিষ্যতে শিক্ষক কর্মচারীরা অতিরিক্ত কী সুবিধা পাবেন সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত উল্লেখ না থাকায় শিক্ষক কর্মচারীরা হতাশ ও ক্ষোভ প্রকাশ করেন। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাশিস নরসিংদী সদর সভাপতি মো. সামসুল আলম। এতে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সদস্য রঞ্জিত দেবনাথ, জেলা সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন নাজির, নরসিংদী সদরের সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান, আবুল কালাম আজাদ, কামাল উদ্দিন আস্কারী, সাধারণ সম্পাদক তপন কুমার আচার্য্য, যুগ্ম সম্পাদক বোরহান উদ্দিন, আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক পিযুষ দেবনাথ, প্রচার সম্পাদক সালাউদ্দিন, কোষাধ্যক্ষ সাজ্জাতুল্লা বাবুল, আব্দুল জব্বার প্রমুখ।
গোপালগঞ্জ:গোপালগঞ্জে শিক্ষকদের অবসর ও কল্যাণ ট্রাস্টের অতিরিক্ত ৪% কর্তনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি।। এতে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মাহে আলম, সাধারণ সম্পাদক নিহার কান্তি বাছাড়, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুনিল কুমার শীল, কোটালীপাড়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নন্দলাল বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সিমিতর সভাপতি মো. মাহাবুবুর রহমানসহ আরো অনেকে।
এ ছাড়া ফেনীর দাগনভূঞা, নরসিংদীর পলাশ, শিবপুর, নেত্রকোনার মদন, কেন্দুয়া, ময়মনসিংহের ত্রিশাল, বরগুনার বামনা, বাগেরহাটের চিতলমারী, জামালপুরের মেলান্দহ, কুমিল্লার হোমনা, মুরাদনগর, মনোহরগঞ্জ, ফরিদপুরে ভাঙ্গা, সদরপুর, নোয়াখালীর হাতিয়া, সেনবাগ, কিশোরগঞ্জের হোসেনপুর, পিরোজপুরের মঠবাড়িয়া, বরিশালের আগৈলঝাড়া, চাঁদপুরের কচুয়া, চট্টগ্রামের হাটহাজারী, পটুয়াখালীর দশমিনা।
ইত্তেফাক/নূহু