গাজীপুরের কাশিমপুর নয়াপাড়ায় অবস্থিত মাল্টি ফ্যাবস লিমিটেড কারখানায় ভয়াবহ বয়লার বিষ্ফোরণ ও হতাহতের ঘটনায় গাজীপুরে জেলা প্রশাসনের গঠন করা তদন্ত কমিটি রিপোর্ট পেশ করেছে।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহম্মদ হুমায়ূন কবীর তার কার্যালয়ে প্রেসব্রিফিংএ আনুষ্ঠানিক ভাবে এ তদন্ত রিপোর্ট প্রকাশ করেন।
তদন্ত প্রতিবেদনে দুর্ঘটনার জন্য ৭টি কারণ চিহ্নিত করেছে তদন্ত কমিটি। এর মধ্যে ৫টি কারিগরি ও ২টি প্রশাসনিক কারণ রয়েছে। কারণগুলো হচ্ছে- প্রেসার গেজটি নষ্ট হয়ে যাওয়া, ডেলিভারী লাইন বন্ধ থাকা, লিভারটিতে স্লট কাটা না থাকায় বয়লারের কম্পনে ডেড ওয়েট উচ্চ চাপের দিকে সরে গিয়ে ওভার প্রেসার সিচুয়েশন তৈরী করা হয়েছিল। অপারেটর কর্তৃক প্রেসকার রিলিজ করতে ব্যর্থ হওয়া ও বয়লার মেইনটেন্যান্স কর্তৃপক্ষের বয়লার অপারেটরদের উপযুক্ত তদারকির অভাব।
জেলা প্রশাসক জানান, তদন্ত কমিটি ২৮ পৃষ্ঠার তদন্ত রিপোর্ট দাখিল করে এর সঙ্গে ৯১ পৃষ্ঠা সংযুক্তি দেয়া হয়েছে। তদন্তে ২৯ জনের জবানবন্দি গ্রহণ করা হয়। তিনি জানান, ওই কারখানায় ৫ টন ও ১০ টনের ২টি বয়লার ছিল। এর মধ্যে ৫ টনের বয়লারটি বিষ্ফোরিত হয় এবং ১০ টনের বয়লারটিও ক্ষতিগ্রস্থ হয়েছে।
গত ৩ জুলাই বয়লারটি বিকট শব্দে বিষ্ফোরণে ১৩ জন নিহত ও অন্তত ৭০জন আহত হয় বলে তদন্ত কমিটির রিপোর্টে উল্লেখ করা হয়। এ ঘটনায় ওই দিনই গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রে মোঃ রাহেনুল ইসলামকে প্রদান করে ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
ইত্তেফাক/রেজা