বরিশালের ভোটকেন্দ্র থেকে অবসরপ্রাপ্ত মেজর আটক, ৪২ রাউন্ড গুলি উদ্ধার

মেহেন্দীগঞ্জ উপজেলার ৭টি ইউপি নির্বাচনের মধ্যে লতা ইউনিয়নের একটি কেন্দ্রে পিস্তল দিয়ে গুলি ছুড়ে কেন্দ্র দখল প্রচেষ্টার ঘটনায় এক অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর মেজরকে আটক করা হয়েছে। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে একটি পিস্তলসহ ৪২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। 
 
বৃহস্পতিবার দুপুর দেড়টায় লতা ইউনিয়নের গৌরীপুর গ্রামের ১নং কেন্দ্রে সকালে নির্বাচন শুরু হতেই অবসরপ্রাপ্ত মেজর মোঃ মহসীন সিকদার লতা ইউনিয়নের ১নং কেন্দ্রে গিয়ে তার আত্মীয় মোরগ মার্কা নিয়ে প্রতিদ্বন্দিতা মেম্বর প্রার্থী স্বপন তালুকদারের পক্ষে ভোটারদের উপর প্রভাব বিস্তারের চেষ্টা করেন। এসময় দায়িত্বরত দুই আনসার সদস্য তাকে বাঁধা দিলে সে তাদের মারধর করলে পুলিশের সাথে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি হয় তার। এসময় তিনি তার পিস্তল থেকে এক রাউন্ড ফাকা গুলি ছোড়ে। পরে পুলিশ মহসিনকে ঘটনাস্থল থেকে আটক করে তার কাছ থেকে ১’শত টাকার একটি বান্ডিল এবং ৫’শত টাকার ৩৪টি নোট (২৭ হাজার টাকা) উদ্ধার করে। 
 
খবর পেয়ে বিজিবি সদস্যরা এসে তার বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ি থেকে ৪২ রাউন্ড তাজা গুলি এবং কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করে। তবে এসব অস্ত্র বা গুলির কোন প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি তিনি। এছাড়া নির্বাচনকালীন সময় অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা থাকা সত্বেও তিনি ভোট কেন্দ্রে গিয়ে অস্ত্র ব্যবহার করেছেন।
 
এ বিষয়ে বরিশাল জেলার সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, তার বিরুদ্ধে সরকারী কাজে বাঁধা ও সরকারী কর্মকর্তাদের মারধর, অস্ত্রের অবৈধ ব্যবহারসহ বেশ কয়েকটি ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 
 
ইত্তেফাক/সাব্বির