ডু- প্লেসিস দলে ফেরায় উজ্জীবিত দক্ষিণ আফ্রিকা

তারকা খেলোয়াড় ফাফ ডু- প্লেসিস দলে ফেরায় দ্বিতীয় টেস্ট জিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে সমতা আনার আশা করছে উজ্জীবিত দক্ষিণ আফ্রিকা। প্রথম সন্তানের বাবা হওয়ার কারণে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে পরাজিত হওয়া সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক ফাফ ডু- প্লেসিস। তবে দ্বিতীয় টেস্টে অধিনায়ক হিসেবেই ফিরছেন তিনি। অধিনায়ককে পেয়ে উজ্জীবিত দক্ষিণ আফ্রিকা সিরিজে সমতা চায়।
 
অন্যদিকে চার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক ইংল্যান্ডের লক্ষ্য ব্যবধান দ্বিগুণ করা। নটিংহামে আগামীকাল বাংলাদেশ সময় বিকেল চারটায় শুরু হবে ম্যাচটি। 
 
 
লর্ডসে সিরিজের প্রথম টেস্ট ২১১ রানের বড় ব্যবধানে হার মানে দক্ষিণ আফ্রিকা। চারদিনেই ম্যাচটি জিতে নেয় ইংল্যান্ড। ক্যাচ ফেলার পাশাপাশি নো-বলের ডেলিভারিতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জীবন দেয়ার খেসারত দিতে হয় প্রোটিয়াদের। এ ছাড়া দ্বিতীয় ইনিংসে মাত্র ১১৯ রানে গুটিয়ে যাওয়াটাও দলটির হারের আর একটি কারণ। তাই সিরিজে পিছিয়ে পড়ে নটিংহাম টেস্ট জিততেই মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। তবে পেসার কাগিসো রাবাদাকে ছাড়াই মাঠে নামতে হবে তাদের। লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসকে গালি দেয়ার অভিযোগে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রাবাদা। 
 
তাই প্রথম টেস্ট শেষে দল নির্বাচন নিয়ে বেশ কিছু জটিল সিদ্ধান্ত নিতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় মা মারা যাওয়ায় দেশে ফিরে গেছেন কোচ রাসেল ডোমিঙ্গো। রাবাদার পরিবর্তে অলরাউন্ডার ক্রিস মরিস কিংবা প্রথম ম্যাচের দল অপরিবর্তিত রাখতে পারে। তবে জেপি ডুমিনি পরিবর্তে দলে আসবেন ডু- প্লেসিস। 
 
লর্ডস টেস্ট হারের পর ডু-প্লেসিস বলেছিলেন, ‘রাবাদাকে হারানোয় আপনার দৃষ্টি চার পেস আক্রমণের দিকেই থাকবে। কারণ, আপনি সেরা বোলারকেই হারিয়েছেন। তার মানে একজন ব্যাটসম্যান বাদ পড়তে হচ্ছে। অবশ্যই এটি একটি বিকল্প।’
 
IMG0
 
ইংল্যান্ডের নয়া অধিনায়ক জো রুটকে প্রথম ইনিংসে ব্যাটিং-এর সময় দু’বার জীবন দিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাই অধিনায়ক হিসেবে অভিষেক ইনিংসেই ১৯০ রানের দায়িত্বপূর্ণ ইনিংস খেলেন রুট। ডু-প্লেসিস বলেন, ‘আমরা অনেক মৌলিক ভুল করেছি যা দল হিসেবে আমাদের হয় না। এতে আপনার ক্ষতি হবে যদি ইংল্যান্ডের মত শক্তিশালী দলের বিপক্ষে খেলা হয়।’
 
লর্ডস টেস্টে ১৩টি নো-বল করেছেন দক্ষিণ আফ্রিকার পেসার মরনে মরকেল। তার নো-বলের সহায়তায় জীবন পান স্টোকসও। মরকেল বলেন, ‘এটি গ্রহণযোগ্য নয়, তবে এটি নিয়ন্ত্রন করা যায়।’
 
এদিকে অধিনায়ক হিসেবে রুটের শুরুটা স্বপ্নের মতো শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক দলপতি অ্যালিষ্টার কুক। তিনি বলেন, ‘রুটের ১৯০ রানে ভর করে ২০০ রানের ব্যবধানে টেস্ট জিতে নেয় ইংল্যান্ড।’
 
লর্ডস টেস্টে মঈন আলি ১০ উইকেট ও প্রথম ইনিংসে ৮৭ রান করায় লর্ডস টেস্টের একাদশ নিয়েই নটিংহামে খেলতে নামবে ইংল্যান্ড। হ্যাম্পশায়ারের বাঁ-হাতি স্পিনার লিয়াম ডসনের তার জায়গায় আসার কথা ছিলো। 
 
 
ট্রেন্ট ব্রিজে তিন ব্যাট হাতে তিন নম্বরে গ্যারি ব্যালেন্সের ভূমিকা হবে গুরুত্বপূর্ণ। এ ছাড়া বার বার ইনজুরিতে পড়া ফাস্ট বোলার মার্ক উডেরও একটা সুযোগ মিলতে পারে। উড বলেন, ‘সাইড বেঞ্চে আমাদের বোলার আছে। তারা ফিট থাকলে হয়তো আমি খেলবো না। 
 
১০ বছর যাবত বিদেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ না হারার বিষয়টি উল্লেখ করে কুক বলেন, ‘নটিংহামে ভালো কিছু করতে প্রস্তুত ইংল্যান্ড। দেশের চাইতে বিদেশের মাটিতে তাদের বেশ ভালো রেকর্ড রয়েছে। তাই তারা ক্ষতিগ্রস্ত হবে।’ বাসস/ ইএসপিএন ক্রিকইনফো।
 
ইত্তেফাক/রেজা