মির্জাপুরে অবৈধ বালি তোলার সময় ট্রলারের ধাক্কায় ব্রিজ ক্ষতিগ্রস্ত

 
টাঙ্গাইলের বংশাই নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালি তোলার সময় ট্রলারের ধাক্কায় ব্রিজের পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রলারের ধাক্কায় পিলার ভেঙে যাওয়ায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একাব্বর হোসেন ব্রিজটি হুমকির মুখে পড়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। বালি ভর্তি দুইটি ট্রলার ব্রিজের নিচে আটকে ও ডুবে গেছে।
 
মির্জাপুর উপজেলা প্রকৌশল অফিসের সহকারী প্রকৌশলী মো. রেজা বলেন, ব্রিজের নিচ দিয়ে অবৈধ বালি ভর্তি ট্রলার নেওয়ার ফলে দুটি পিলার ভেঙে গেছে।পিলার ভেঙে যাওয়ায় ব্রিজের পিয়ারিং প্যাড, গার্ডার ও স্লাব, ভার্টিকাল কলামের রড ও সিমেন্ট বের হয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
 
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা প্রকৌশলী (ইঞ্জিনিয়ার) মো. আরিফুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার বলে বলেন, ব্রিজের ক্ষতিগ্রস্ত হওয়ার সংবাদ পেয়ে একজন সহকারী প্রকৌশলীকে ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শক্রমে তদন্ত সাপেক্ষে আইনুনোগ ব্যস্ততা নেওয়া হবে।
 
ইত্তেফাক/জামান