বদলগাছীতে জমিজমা নিয়ে সংঘর্ষে নিহত ১

নওগাঁর বদলগাছীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সামিউল ইসলাম লিটন (৪০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। এ ঘটনায় তিন জন আহত হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত থাকায় চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সামিউল ইসলাম লিটন ওই গ্রামের আলিনুর ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলিনুর ইসলামের সঙ্গে প্রতিবেশী আব্দুস সালামের পাঁচ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল।

বৃহস্পতিবার সকালে ঐ জমিতে আলিনুর ইসলামের ছেলে লিটন গাছের চারা রোপন করতে গেলে প্রতিপক্ষ আব্দুস সামাদ মাঝির পক্ষের লোকজন তাতে বাধা প্রদান করে।

এ নিয়ে প্রতিপক্ষ আব্দুস সালামের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষের সংঘর্ষ হয়। এ সময় আলিনুর ইসলাম, ছেলে সামিউল ইসলাম, তার স্ত্রী ও ভাই মিঠু আহত হয়।

সামিউল ইসলাম গুরত্বর আহত হওয়ায় প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল আবু সালেহ আশরাফুল আলম ঘটনাস্থল পরিদর্শণ করেন।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) জালাল হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত বিলাশবাড়ী ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের যুবলীগের সাবেক সভাপতি সামিউল সহ ৪জনকে আটক করা হয়েছে।

থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/নূহু