নরসিংদী জেলার শিবপুরে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সংবাদপত্রবাহী একটি মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার নোয়াদিয়া গাঙপার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেটগামী সংবাদপত্রবাহী মাইক্রোবাসটির সুপারভাইজার আবদুল মালেক (৪৫) ও যাত্রী আলাউদ্দিন (২০)। আবদুল মালেকের বাড়ি পাবনার সাঁথিয়া থানার সরিষা গ্রামে। আলাউদ্দিনের বাড়ি ভোলার গৌরনদীর ফুলগাছিয়ায়।
পুলিশ জানায়, ঢাকা থেকে সংবাদপত্র নিয়ে সিলেট যাচ্ছিল মাইক্রোবাসটি। পথে নোয়াদিয়া গাঙপার এলাকায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মালবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়। আহত হয় অপর পাঁচজন। তারা সবাই মাইক্রোবাসটিতে করে সিলেট যাচ্ছিল।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই হাফিজুর রহমান জানান, ‘পুলিশ গাড়ি দুটি জব্দ করেছে। আহতদের নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর সিলেটের উদ্দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। নিহতদের লাশ ইটাখোলা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।’ দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসের ড্রাইভার পালিয়ে যায়।
ইত্তেফাক/এমআই