কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্বামীর হাতে লেবানন প্রবাসী তিন সন্তানের জননী মোসাম্মৎ মর্জিনা (৩৫) খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে পাকুন্দিয়া উপজেলার সৈয়দগাঁও গ্রামে। পুলিশ ঘাতক স্বামীকে আটকসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে।
পুলিশ জানায়, উক্ত গ্রামের সমিরউদ্দিনের দ্বিতীয় স্ত্রী মর্জিনা (৩৫) গৃহকর্মীর কাজ নিয়ে দুই বছর পূর্বে লেবানন যায়। গত ১১ জুলাই ছুটিতে বাড়ি আসার পর থেকে সমিরউদ্দিন টাকা দেওয়ার জন্য স্ত্রীর উপর চাপ প্রয়োগ করতে থাকে। আজ শুক্রবার (১৪ জুলাই) বেলা ১০টার দিকে এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সমিরউদ্দিন স্ত্রীর শরীরে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে। প্রতিবেশিরা মর্জিনাকে উদ্ধার করে পাকুন্দিয়া হাসপাতালে আনার পর সে মারা যায়।
পাকুন্দিয়া থানার ওসি মো. শামসুদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘাতক সমিরউদ্দিনকে একটি পাটক্ষেত থেকে গ্রেফতার করে। রক্তমাখা ছুরিটি উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
ইত্তেফাক/এমআই